জাতীয় ঐক্যের ডাক দিলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুং বাক বলেছেন, উত্তর কোরিয়ার চলমান সামরিক আগ্রাসনের মুখে অস্তিত্ব টিকিয়ে রাখতে দেশবাসীকে এক হতে হবে। আজ সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বেতারে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ আহ্বান জানান।লি বলেন, ‘যুদ্ধকে ভয় করলে আমরা কোনো দিনই যুদ্ধকে দমন করতে পারব না।’ তিনি আরও বলেন, ‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো বিভাজনের ঝুঁকি আমরা নিতে পারি না। কারণ, আমাদের জাতীয় অস্তিত্ব আজ হুমকির মুখে।’ উত্তর কোরিয়ার সঙ্গে চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য দক্ষিণ কোরিয়ার রাজনীতিকদের মধ্যে বিভাজনকেই দায়ী করেছেন লি। তিনি বলেন, ‘আমাদের মতপার্থক্যের কারণেই উত্তর কোরিয়া ইয়েনপিয়ং দ্বীপে হামলার দুঃসাহস দেখিয়েছে।’ এ মুহূর্তে সব ধরনের বিভাজনকে দূরে ঠেলে দেওয়ার আহ্বান জানিয়ে লি বলেন, ‘আমাদের সবাইকে জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংহতি প্রকাশ করতে হবে। যাতে উত্তর কোরিয়া আর আমাদের চ্যালেঞ্জ করার সাহস না পায়।’দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘পাল্টা আক্রমণের মাধ্যমে যুদ্ধকে প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’প্রসঙ্গত, গত মাসে উত্তর কোরিয়া ইয়েনপিয়ং উপদ্বীপে মর্টার হামলা চালালে চারজন নিহত হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।