জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাহি সাম্যের গান—/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ মানবতার জয়গানে যিনি ছিলেন এমনই উচ্চকণ্ঠ; দ্রোহে ও প্রেমে, কোমলে-কঠোরে বাংলা সাহিত্য ও সংগীতে দিয়েছেন নতুনতর মাত্রা, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ তাঁর ১১১তম জন্মবার্ষিকী। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি আজ স্মরণ করবে তাঁর স্মৃতি। ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির অন্তিমশয্যা ভরে উঠবে অগণিত মানুষের নিবেদন করা ফুলে ফুলে। জাতীয় কবির চেতনা ও আদর্শ চিরভাস্বর হয়ে আছে আমাদের জীবনে। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়েও তিনি কখনো আপস করেননি। মাথা নত করেননি লোভ-লালসা, খ্যাতি, অর্থবিত্তের বৈভবের কাছে। ‘চির উন্নত মম শীর’ বলে আজীবন সংগ্রাম করে গেছেন শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির জন্য। মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার, কূপমণ্ডূকতার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। নজরুল মুক্তবুদ্ধি ও চিন্তার পক্ষে কলম ধরেছেন নির্ভীক চিত্তে।উপমহাদেশের স্বাধীনতা ও নবজাগরণের অন্যতম অগ্রনায়ক কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। ১৯৭২ সালে তৎকালীন সরকার তাঁকে জাতীয় কবির মর্যাদা দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। কবি ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ইন্তেকাল করেন।বরাবরের মতোই এবারও জাতীয় পর্যায়ে রাজধানী ঢাকাসহ কবির স্মৃতিধন্য চট্টগ্রাম, ত্রিশাল-দরিরামপুর, কুমিল্লা ও দৌলতপুরে তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী পালিত হচ্ছে। আজ বেলা ১১টায় ত্রিশাল-দরিরামপুর নজরুল একাডেমির মাঠে রাষ্ট্রপতি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। বাণী: নজরুলজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তিনি ছিলেন নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির জন্য সোচ্চার। প্রধানমন্ত্রী শেখা হাসিনা বলেছেন, তাঁর রচনা মানুষের হূদয় স্পর্শ করেছে, ঝিমিয়ে পড়া জাতিকে পরাধীনতার শেকল ভাঙার সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে তাঁর লেখনী বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দান করেছে। তাঁর সৃষ্টি চিরকাল আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। বিএনপির মহাসচিবও এ উপলক্ষে বাণী দিয়েছেন।কর্মসূচি: নজরুলজয়ন্তী উপলক্ষে ঢাকায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল এবং শ্রেণী-পেশার মানুষ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ, শোভাযাত্রা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমীর আয়োজনে ঢাকায় জাতীয় পর্যায়ের তিন দিনের কর্মসূচি শুরু হবে সন্ধ্যা সাতটায়। জাতীয় নাট্যশালায় এই অনুষ্ঠানে থাকবে একক ও সমবেত সংগীত, আবৃত্তি ও নৃত্য। বিকেল সাড়ে চারটায় বাংলা একাডেমীর সেমিনার কক্ষে রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চ্যানেল আই তাদের তেজগাঁও কার্যালয়ে আয়োজন করেছে দিনব্যাপী নজরুল মেলা। এ ছাড়া নজরুল প্রমীলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ, সুইড বাংলাদেশ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, হেরাবন সংঘ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ত্রিশাল প্রস্তুত: ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ১১১তম নজরুলজয়ন্তী জাতীয়ভাবে উদ্যাপনে কবির কৈশরের স্মৃতিধন্য ত্রিশালে নজরুল মঞ্চে আজ সকালে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ত্রিশাল-দরিরামপুর নজরুল একাডেমি মাঠে নজরুল মঞ্চে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ ছাড়া নজরুল একাডেমি স্কুল মাঠে ও ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজ মাঠে নজরুল মেলার আয়োজন করা হয়েছে। নজরুলজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরুর আগেই এ মেলা শুরু হয়ে গেছে। এর সঙ্গেই থাকবে বইমেলা, চলবে পুরো তিন দিন। নজরুলজয়ন্তীর অনুষ্ঠানমালা উপভোগের জন্য ত্রিশালের মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসা শুরু করেছে। প্রতিবছরই বিভিন্ন অঞ্চল থেকে এ উপলক্ষে তাঁরা বাবার বাড়ি এসে থাকেন।