জাতীয় কবির আজ ১১২তম জন্মজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা কবিতার বিদ্রোহী ও গানের বুলবুল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ বুধবার ১১ জ্যৈষ্ঠ ১১২তম জন্মজয়ন্তী। সারা দেশে কবির প্রতি গভীর ভালোবাসায় জন্মজয়ন্তী উৎসব উদ্যাপিত হবে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে। জাতীয় পর্যায়ে উদ্যাপিত হবে তিন দিনের উৎসব।এবার জাতীয় উৎসব শুরু হবে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। এখানে দরিরামপুরে নজরুল একাডেমীর মাঠে সকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তিন দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ ছাড়া ভোর থেকেই হাতে পুষ্পস্তবক নিয়ে সর্বস্তরের নজরুল-অনুরাগীরা সমবেত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উত্তর পাশে তাঁর সমাধিসৌধে। শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে তাঁরা ঢেকে দেবেন কবির অন্তিমশয্যা।কাজী নজরুল ইসলাম ১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। শৈশব থেকে অর্থনৈতিক অভাব-অনটনের মধ্য দিয়ে তিনি বেড়ে ওঠেন। লেটো দলের বাদক, রেল গার্ডের খানসামা, রুটির দোকানের শ্রমিক নজরুল কৈশোর পেরোনোর আগেই উপলব্ধি করেছিলেন জীবনের রূঢ় বাস্তবতা। পরবর্তীকালে সৈনিকের জীবন, সাংবাদিকতা ও সাহিত্য সাধনা, এইচএমভি ও কলকাতা বেতারে কাজ করেছেন। পথে নেমেছেন ব্রিটিশবিরোধী আন্দোলনে। শাসকের কোপানলে পড়েছেন, কারারুদ্ধ হয়েছেন কিন্তু নত হয়নি নজরুলের উচ্চ শির। ‘শির নেহারি’ আমারি নত শির ওই শিখর হিমাদ্রীর!’ বিদ্রোহীর এই দৃপ্ত ঘোষণা কেবল শাসকদেরই কাঁপিয়ে দেয়নি, পালাবদল ঘটিয়ে দিয়েছিল বাংলা কবিতারও।বাংলা কবিতায় তিনি এমন শব্দ ও ভাষারীতি প্রয়োগ করেছিলেন, যা আগে ব্যবহূত হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের সমসময়ে তাঁর বিরাট ও সর্বগ্রাসী প্রতিভার প্রভাবমুক্ত হয়ে স্বতন্ত্র ধারার কবিতা রচনা করে নজরুল এমন এক যুগের সূচনা করেছিলেন, যা ত্রিশের আধুনিক কবিতার পথকে সহজ করে দিয়েছিল। কবিতার পাশাপাশি বাংলা গানের ক্ষেত্রেও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনিই প্রথম বাংলা গজলের প্রবর্তন করেন এবং উত্তর ভারতীয় রাগসংগীতের দৃঢ় ভিত্তির ওপর তা স্থাপন করেন। তাঁর কবিতায় ব্যবহূত হয়েছে আরবি, ফার্সি শব্দও। বাঙালি মুসলিম সমাজকে গানের প্রতি বিপুলভাবে জাগিয়ে তোলেন তিনি। এসব সত্ত্বেও নজরুল ইসলাম অগণিত মানুষের বিপুল ভালোবাসা ও শ্রদ্ধার আসনে আসীন হয়েছিলেন তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও নির্যাতিত-নিপীড়িত মানবতার প্রতি গভীর দরদের জন্য। তিনি কোনো গোঁড়ামি, রক্ষণশীলতা, ধর্মান্ধতাকে কখনোই প্রশ্রয় দেননি। বলেছেন, “‘হিন্দু না ওরা মুসলিম?’ ওই জিজ্ঞাসে কোন্ জন?/ কাণ্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র!” এই অকপট, স্পষ্ট, দুর্বার নজরুল মানুষকে জাগিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, শোষণের শৃঙ্খল ভাঙার আন্দোলনে।অন্যদিকে মানুষের হূদয়ের চিরন্তন কোমল-মধুর সুকুমার অনুভূতিগুলো, মানুষের মানবিক মহিমার ঐশ্বর্য এবং প্রকৃতিকে তাঁর গান ও কাব্যে অতুলনীয় নান্দনিকতার সঙ্গে তুলে এনেছিলেন কাজী নজরুল। তিনি নিজেই বলেছিলেন, তাঁর এক হাতে আছে বাঁশের বাঁশরী, অন্য হাতে রয়েছে রণ-তূর্য। এখানেই নজরুলের স্বকীয়তা। এখানেই তিনি সমকালের দাবি মিটিয়েও চিরকালীন।বাণী: বরাবরের মতোই জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘তাঁর অগ্নিঝরা লেখনী থেকে একদিকে বেরিয়ে এসেছে সমাজ পরিবর্তনের দর্শন, জাতীয়তাবাদের চেতনা, অন্যদিকে প্রেম-ভালোবাসার বাণী। তাঁর কালজয়ী প্রতিভা আমাদের যুগে যুুুগে অনুপ্রাণিত করবে।’প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, তাঁর শিকল ভাঙার গানে সে সময়কার ঝিমিয়ে পড়া বাঙালি সমাজ জেগে উঠেছিল, মানুষের মুক্তির জন্য বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল।বিরোধীদলীয় নেতা তাঁর বাণীতে বলেছেন, তিনি ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী। তাঁর ক্ষুরধার লেখনীতে সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিপ্লবের মন্ত্র উচ্চারিত হয়েছিল। কর্মসূচি: ঢাকায় বিভিন্ন সংগঠন নজরুলজয়ন্তী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠন। শিল্পকলা একাডেমীতে পালিত হবে দুই দিনের কর্মসূচি। কর্মসূচি জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বিশ্ব কবিতাকণ্ঠ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় গণতান্ত্রিক লীগ, বিশ্ব বাঙালি সম্মেলন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, চারণ সাংস্কৃতিক কেন্দ্র প্রভৃতি।