জাতীয় কবির মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিত্সা বিশ্ববিদ্যালয়) মৃত্যুবরণ করেন।বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলামের রচিত গান, কবিতা, গল্প, নাটক ও উপন্যাস বাঙালির অনন্ত প্রেরণার উত্স হয়ে আছে। তিনি সারা জীবন মৌলবাদ, কুসংস্কার ও সামাজিক অনাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির কাছে আলোকবর্তিকা হয়ে দেখা দেয়। তাঁর কবিতা ও গান ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের শৃঙ্খল ভাঙার আহ্বান জানিয়ে রচিত হলেও বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামেও অনুপ্রেরণা জোগায়। তাঁর রচিত ‘চল্ চল্ চল্’ বাংলাদেশের রণসংগীত।স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশ সরকার অসুস্থ কবিকে সপরিবারে ভারত থেকে ঢাকায় নিয়ে আসে। ১৯৭৬ সালে তাঁকে ‘একুশে পদকে’ ভূষিত করা হয়।কর্মসূচি: আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হবে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি। এ উপলক্ষে বিকেলে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছে নজরুল ইনস্টিটিউট। শিশু-কিশোরদের নজরুলসংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে ২০ আগস্ট শুরু হয় এ কর্মসূচি। ইনস্টিটিউট আজ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করেছে আলোচনা সভার।