জাতীয় গণিত উৎসব শুরু
দুই দিনব্যাপী জাতীয় গণিত উৎসব-২০১১ ও নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় এ আয়োজনের উদ্বোধন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা।ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে এ উৎসবের আয়োজন করেছে।দেশের শিক্ষার্থীদের গাণিতিক উত্কর্ষ বাড়ানো ছাড়াও নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল বাছাই করা এই গণিত উৎসবের লক্ষ্য।দেশের ১৩টি শহরে আয়োজিত আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী ৮২০ জন ও গত বছর কাজাখস্তানে অনুষ্ঠিত ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ গণিত দলের তিন সদস্যসহ মোট ৮২৩ জন শিক্ষার্থী দুই দিনের জাতীয় উত্সবে অংশ নিয়েছে।দুই দিনের গণিত উৎসবে শিক্ষার্থী ছাড়াও উপস্থিত আছেন শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ, বিজ্ঞানীসহ বিশিষ্টজনেরা। এঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুত্ফুজ্জামান, গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি, অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ড. হুমায়ূন কবীর, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক আনিসুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।আজ উৎসবের প্রথম দিন প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে হবে উৎসবের মূল পর্ব নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। এ ছাড়া থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানের পর একে একে গণিত অলিম্পিয়াড, শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চমক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ব্যস্ত থাকবে উৎসব প্রাঙ্গণ।কমপিউটার জগত-এর সৌজন্যে প্রথম আলোর ওয়েবসাইটে (www.prothom-alo.com) এই প্রথমবারের মতো জাতীয় গণিত উৎসব ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলা লায়নের সৌজন্যে উৎসব প্রাঙ্গণ রয়েছে বিনা মূল্যের ইন্টারনেট সংযোগের আওতায়। এবিসি রেডিও এবং ইন্টারনেট রেডিও বিজয় মাঠ থেকে সর্বশেষ তথ্য প্রচার করছে।কাল ১২ ফেব্রুয়ারি সকালে বন্ধুতা পর্ব, ভাষা, মুক্তিযুদ্ধের গান, গণিত নিয়ে পটগান, প্রথম বাংলাদেশ রুবিকস কিউব সমাধান প্রতিযোগিতা এবং বেলা ১১টা থেকে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এ বছরের গণিত উৎসব। উৎসব বিভাগীয় আয়োজকদেরও পুরস্কৃত করা হবে। এ ছাড়া থাকবে গণিত সম্মাননা ও ২০১০ সালের সেরা গণিত ক্লাবের পুরস্কার প্রদান।