জাতীয় গণিত উৎসব শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় গণিত উত্সব-২০১০ ও অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং দেশের প্রধান দৈনিক প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উত্সবের আয়োজন করেছে। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা।কাজাখস্তানে অনুষ্ঠেয় ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল বাছাই এবং দেশের শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক উত্কর্ষ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ উত্সব শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। ইতিমধ্যে দেশের ১৩টি শহরে আয়োজিত আঞ্চলিক গণিত উৎসবে ১৫ হাজার শিক্ষার্থী সরাসরি অংশ নিয়েছে। এদের মধ্য থেকে বিজয়ী ৮৪০ জন ও ২০০৯ সালে জার্মানিতে অনুষ্ঠিত ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ গণিত দলের পাঁচ সদস্যসহ মোট ৮৪৫ জন শিক্ষার্থী দুই দিনের জাতীয় উৎসবে অংশ নিচ্ছে। উত্সবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী, বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, হুমায়ূন কবীর, বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুত্ফুজ্জামান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।আজ উত্সবের প্রথম দিন প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে উত্সবের মূল পর্ব অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন। গণিত উত্সবের দুই দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সকাল আটটায়। উদ্বোধনী অনুষ্ঠান, গণিত অলিম্পিয়াড, শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সারপ্রাইজ অনুষ্ঠানসহ নানা আয়োজনে ব্যস্ত থাকবে উত্সব প্রাঙ্গণ। কাল শনিবার সকালে বন্ধুতা পর্ব, গণিতের পট, গণিত সংসদ এবং বেলা ১১টা থেকে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এ বছরের গণিত উত্সব। গণিত উত্সবে আঞ্চলিক আয়োজকেরাও উপস্থিত থাকবেন। আঞ্চলিক আয়োজকদের পুরস্কৃত করা ছাড়াও থাকবে ২০০৯ সালের সেরা গণিত ক্লাবের পুরস্কার প্রদান। আঞ্চলিক গণিত উত্সবের সব বিজয়ীর ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। চিঠি না পেলেও বিজয়ীদের সার্টিফিকেট নিয়ে, হলুদ টি-শার্ট পরে আজ সকাল আটটায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে উপস্থিত থাকতে উত্সব আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।