জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর শাকিবের নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হয়েছে। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান। এবারই প্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। সরকারিভাবে ঘোষণা হওয়ার পর শাকিব তাঁর প্রতিক্রিয়া জানালেন এভাবে, ‘সবাই তাঁর কাজের একটা স্বীকৃতি প্রত্যাশা করেন। এই পুরস্কারও আমার কাছে সে রকমই। তবে আমি এর আগে দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটিও আমার জন্য অনেক বড় পুরস্কার। সরকারিভাবে পুরস্কার ঘোষণা করার আগে প্রথম আলোতেই খবরটা প্রথম জেনেছি। অনেকেই অভিনন্দন জানিয়েছেন। এমন মুহূর্ত তো সব সময় আসে না।’ গত শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত এক টাকার দেনমোহর ছবি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর মুক্তি পেয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন এম বি মানিক। শাকিব বললেন, ‘এর আগে এই পরিচালকের যে কয়টি ছবিতে অভিনয় করেছি, সব কটিই ব্যবসায়িকভাবে সফল হয়েছে। এবারের ছবিটি দুটি পরিবারের গল্প। নানা কারণে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব। আমি আর অপু বিশ্বাস এই দুই পরিবারের ছেলেমেয়ে। আমরা দ্বন্দ্বটা মেটানোর জন্য বিয়ে করি। এই বিয়ের দেনমোহর ছিল এক টাকা।’