জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েছে ১৯টি চলচ্চিত্র
২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েছে ১৯টি ছবি। গতকাল ৭ ডিসেম্বর ছিল ছবি জমা দেওয়ার শেষ সময়। বেলা একটার দিকে চলচ্চিত্র সেন্সর বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে, তখন পর্যন্ত ১৯টি ছবি জমা পড়েছে। ২০১০ সালে মুক্তি পেয়েছিল অর্ধশতাধিক ছবি। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রযোজক মন্তব্য করেন, ছবি জমা দিয়ে কী লাভ? প্রতিটি ছবির জন্য আলাদা করে টাকা জমা দিতে হয়। কিন্তু পুরস্কার তো দেওয়া হয় বিশেষ একধরনের ছবিকে। এ কারণে প্রযোজকেরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য এখন আর ছবি জমা দিতে আগ্রহী হচ্ছেন না।কিন্তু সেন্সর বোর্ডের কর্মকর্তারা বলছেন অন্য কথা। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ২০১০ সালের অনেক প্রযোজকই তাঁদের ছবি বিক্রি করে দিয়েছেন। এখন সেসব ছবির মালিকেরা আর ছবি জমা দিচ্ছেন না। এ কারণে ২০১০ সালে যতগুলো ছবি মুক্তি পেয়েছে, ততগুলো ছবি জমা পড়েনি। বিকেল নাগাদ আরও কয়েকটি ছবি জমা পড়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যে ছবিগুলো জমা পড়েছে, তার মধ্যে রয়েছে—জীবনমরণের সাথী, খোঁজ দ্য সার্চ, চাচ্চু আমার চাচ্চু, মনের মানুষ, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, হায় প্রেম হায় ভালোবাসা, মোঘলে আজম, নিঃশ্বাস আমার তুমি, আমার বুকের মধ্যিখানে, মায়ের চোখ, আমার স্বপ্ন আমার সংসার, এক জবান, রিকশাওয়ালার ছেলে, ওরা আমাকে ভালো হতে দিল না, বস্তির ছেলে কোটিপতি, গহীনে শব্দ, অবুঝ বউ, নিঝুম অরণ্যে এবং দরিয়া পাড়ের দৌলতি।