জাতীয় চিত্রশালায় রবীন্দ্রনাথকে নিয়ে চিত্র প্রদর্শনী
শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা অঙ্গন গতকাল বিকেলে হয়ে ওঠে রবীন্দ্রময়। চিত্রশালার প্রবেশপথেই বিশ্বকবির আঁকা আত্মপ্রতিকৃতি। পাশেই তাঁর আঁকা বিচিত্র বিষয়ের নানা শিল্পকর্মের প্রতিলিপি। চিত্রশালায় শুরু হয়েছে রবীন্দ্রসাহিত্যের ভাবনায় সৃষ্ট চিত্রকর্ম প্রদর্শনী।‘বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী’র সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে শুরু হয়েছে ১০ দিনব্যাপী এই প্রদর্শনী।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী হাশেম খান। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে গত বছর অনুষ্ঠিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।প্রদর্শনীতে রবীন্দ্রনাথের কবিতা, গান ও গল্পের ভাবনাকে অবলম্বন করে দেশের ১৫০ জন চিত্রকরের শিল্পকর্ম রয়েছে। শিল্পীদের মধ্যে আছেন আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, বিজন চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, শাহাবুদ্দিন, শহীদ কবির, রণজিৎ দাশ, শিশির ভট্টাচার্য্য প্রমুখ। এতে আরও রয়েছে বিশ্বকবির আঁকা ৪৫টি চিত্রকর্মের প্রতিলিপি।