জাতীয় চিড়িয়াখানায় প্রাণীমৃত্যুর হার কমছে
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার পশু চিকিৎসাপদ্ধতি অনেকটাই বদলে গেছে। সনাতন পদ্ধতির পরিবর্তে এখন আধুনিক পদ্ধতিতে পশুপাখির চিকিৎসা করা হচ্ছে।আধুনিক প্রাণী চিকিৎসাপদ্ধতির পাশাপাশি নেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা। ফলে চিড়িয়াখানায় আগের চেয়ে প্রাণীমৃত্যুর হার কমেছে। খবর বাসসের।বাসসের খবরে জানা গেছে, ঢাকা চিড়িয়াখানায় বাঘ, সিংহ, গন্ডারসহ বিভিন্ন মাংসাশী প্রাণী, পশুপাখির চিকিৎসার জন্য জার্মানি, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন থেকে আনা হয়েছে নতুন চিকিৎসার সরঞ্জাম। হিংস্র প্রাণী সহজে অচেতন করার জন্য আনা হয়েছে একটি অত্যাধুনিক শটগান (ট্রাংকুলাইজার গান)। আগে কোনো প্রাণী অসুস্থ হলে এটাকে অচেতন করতে অনেক পরিশ্রম করতে হতো। আর এতে অনেক ঝুঁকি ছিল। এখন সহজেই এসব প্রাণীকে অচেতন করা সম্ভব হচ্ছে।চিড়িয়াখানার কিউরেটর এ বি এম শহিদুল্লাহ জানান, এই প্রকল্পের আওতায় হাসপাতালের সরঞ্জাম কিনতে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব প্রাণী নিয়ন্ত্রণের জন্য ‘স্কুইজবাক্স’ রোগ নির্ণয়ের জন্য ডিজিটাল মাইক্রোস্কোপ, ডিজিটাল থার্মোমিটার, আলট্রাসনোগ্রাম, এক্স-রে ও রক্ত পরীক্ষার সরঞ্জাম কেনা হয়েছে। তিনি আরও জানান, আগে এসব প্রয়োজনীয় যন্ত্রপাতি চিড়িয়াখানায় না থাকায় প্রাণীগুলোর চিকিৎসা দেওয়া অনেক কষ্টকর ছিল। সঠিক সময়ে চিকিৎসা না দেওয়ার কারণে অনেক প্রাণী মারাও গেছে। তবে আধুনিক যন্ত্রপাতি আনার পরে প্রাণীমৃত্যুর হার হ্রাস পেয়েছে।বিগত বছর ‘চিড়িয়াখানার পশুপাখির স্বাস্থ্যসেবা জোরদারকরণ কর্মসূচি’ নামের এই প্রকল্প গ্রহণ করা হয়। এ জন্য অর্থ মন্ত্রণালয় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ দেয়। এর মধ্য প্রাণীগুলোর জন্য প্রায় ১৬ লাখ টাকার ওষুধ কেনা হয়।চিড়িয়াখানার কিউরেটর আরো জানান, অস্ত্রোপচার শেষে প্রাণীগুলোর পরবর্তী সেবার জন্য একটি আলাদা কক্ষ নির্মাণ করা হয়েছে। হাতি, গন্ডার, জলহস্তীসহ বেশ কিছু প্রাণীকে কিছুক্ষণ পরপরই শরীরে পানি দিতে হয়। কিন্তু চিড়িয়াখানায় পানি-সংকটের কারণে এ কাজটি ঠিকমতো করা যাচ্ছিল না। এ কারণে ওই কর্মসূচির আওতায় চিড়িয়াখানায় একটি গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে।চিড়িয়াখানার সীমানা অনেক বড় হওয়ায় কোনো স্থানে প্রাণী অসুস্থ হলে কিউরেটর কিংবা হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বেশ সময় লেগে যায়। এ কারণে চিড়িয়াখানার ভেতরে কর্মকর্তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ২০টি ওয়াকিটকি কেনা হয়েছে বলেও জানান তিনি।১৮৬ একর জমির ওপর ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত চিড়িয়াখানায় ১১৮টি শেড রয়েছে। এসব শেডের ধারণক্ষমতা প্রায় দুই হাজার ২০০টি প্রাণী। তবে বর্তমানে রয়েছে এক হাজার ৮০০টি প্রাণী।