জাতীয় জরুরি ইস্যুতে জোরালো ভূমিকার আহ্বান খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, বিএনপি পরদেশ তোষণ ও নতজানুনীতির ঘোর বিরোধী। তাই বাংলাদেশের জনগণের অধিকারের প্রশ্নে প্রধানমন্ত্রীর ভারত সফরের সফলের জন্য বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতা ও সমর্থন দেবে।গতকাল শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন। তবে সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন কোনো প্রশ্নের উত্তর দেননি। সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, ১১ জানুয়ারি বিএনপির নির্ধারিত কর্মসূচিতে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে।খালেদা জিয়া দেশের স্বার্থে টিপাইমুখ বাঁধ নির্মাণে না করতে, পানির ন্যায্য হিস্যা আদায়, বাণিজ্য ঘাটতি নিরসন, বাংলাদেশি টেলিভিশন চ্যানেল ভারতে দেখার অনুমোদন দেওয়া, ছিটমহল, সীমানা নির্ধারণ, এশিয়ান হাইওয়ের নামে করিডর না দেওয়া, সর্বোপরি প্রাণ-পরিবেশ রক্ষায় আসন্ন সফরে জোরালো ভূমিকা রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারকে এসব বিষয়ে ভারতের কাছ থেকে ইতিবাচক প্রতিশ্রুতি আদায় করতে হবে। খালেদা জিয়া বলেন, শক্তির জোরে ভারত হয়তো অনেক কিছু করতে পারে, বাংলাদেশ সেই শক্তির মুখে সাময়িক বিপন্ন হতে পারে, কিন্তু ন্যায্য অধিকার ও দাবিকে কেবল গায়ের জোরে একতরফাভাবে চিরকাল উপেক্ষা করা সম্ভব নয়।খালেদা জিয়া বলেন, এখন সংগ্রাম আধিপত্যবাদের বিরুদ্ধে। এখন মুক্তিযুদ্ধ নিজেদের প্রাণ, পরিবেশ, জীবিকা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার যুদ্ধ। তিনি বলেন, উপমহাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারার সঙ্গে দৃঢ় মৈত্রী ও বন্ধুত্ব অটুট করতে চায় বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক টানাপোড়েনের হাত থেকে মুক্তির অন্যতম রক্ষাকবচ হচ্ছে আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে স্থিতিশীল বাংলাদেশ।বিএনপির চেয়ারপারসন বলেন, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সমঝোতা হবে—এমন আশার গুড়েও বালি পড়েছে। কেননা এই সফরে কোনো চুক্তি বা সমঝোতা হচ্ছে না। তিনি বলেন, ১৫ কোটি মানুষের স্বার্থে এবং প্রাণ রক্ষা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে অবিভাজ্য ও ঐক্যবদ্ধ জাতীয় অবস্থানের জন্য কাজ করতে হবে।খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের সফলতা কামনা করি। কিন্তু ইতিমধ্যে সফরসূচির একতরফা পরিবর্তন ঘটানো হচ্ছে। তা ছাড়া বর্তমান সরকার ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোর কোনো নীতিগত জাতীয় ভিত্তি দাঁড় করানোর উদ্যোগ নেয়নি। এ ঘাটতি অশনিসংকেতের মতো।’খালেদা জিয়া ভারতের সমালোচনা করে বলেন, নীতিগত অবক্ষয়ের দৃষ্টান্ত স্থাপন করে ভারত ফারাক্কায় পানির পরিমাণ ও প্রবাহ রুদ্ধ করে দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মরুভূমিতে পরিণত করে চলেছে। এটা মানবজাতির বিরুদ্ধে অপরাধের পর্যায়ে গিয়ে ঠেকেছে।বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন বলেন, বাংলাদেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে ভারতের বিভিন্ন জাতি-গোষ্ঠীর বিদ্রোহের ঘটনাবলিও। ভারতের এই অভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ার নীতি নিয়েছে ভারত। তিনি বলেন, ভারতকে নিজের ঘর নিজেই সামাল দিতে হবে। তবে তাদের অভ্যন্তরীণ সমস্যার রাজনৈতিকভাবে মীমাংসার জন্য সহায়তা করা যেতে পারে।খালেদা জিয়া বলেন, এ সরকারের আমলে অভিযোগ উঠেছে, বিদ্রোহী গ্রুপের নেতাদের ভারতের নিরাপত্তারক্ষীরা অবাধে বাংলাদেশের ভেতর ঢুকে ধরে নিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু যাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের বক্তব্যের সঙ্গে বাংলাদেশ ও ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য মেলে না। এটা উদ্বেগের বিষয়। তিনি বলেন, এই নিরাপত্তার প্রশ্নটি ভারতের নেতাদের কাছে বন্ধুসুলভ সম্পর্ক উন্নয়নের আলোকে তুলে ধরতে হবে।খালেদা জিয়া বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছয়টি ঘোড়া আমদানি করেছে। তাদেরই নিঃশর্ত সমর্থন দিয়ে গেছেন আওয়ামী লীগের নেত্রী ও তাঁর দল। তিনি বলেন, জনগণ কিংবা দলের নেতা-কর্মীদের শ্রমে, সমর্থনে নয়, ছয় ঘোড়ার পিঠে সওয়ার হয়েই মহাজোট ক্ষমতায় এসেছে। এই কলঙ্কের দাগ বঙ্গোপসাগরের পুরো পানি দিয়ে ধুলেও সাফ করা যাবে না।