জাতীয় জাদুঘর টু লালবাগ কেল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অই লালবাগ, লালবাগ। আপনাদের জন্য নতুন সার্ভিস এই বাস। এই বাসে যাবেন আবার এই বাসেই আসবেন। অই লালবাগ কেল্লা, লালবাগ। গেলে উইঠ্যা পড়েন। আরামে যাবেন, আরামে আসবেন। অই লালবাগ...।’ শাহবাগে জাতীয় জাদুঘরে ঘুরতে আসা দর্শকদের উদ্দেশে এই হাঁকডাক। যিনি ডাকছিলেন তাঁর পাশেই রয়েছে একটি বাস। লাল রঙের বাসের গায়ে বড় বড় অক্ষরে লেখা ‘বিআরটিসি’। বাসের সামনে লেখা ‘পর্যটক বাস/জাতীয় জাদুঘর টু লালবাগ দুর্গ।’ অর্থাৎ বাসটির গন্তব্য লালবাগ দুর্গ জাদুঘর। লালবাগ কেল্লা ঘুরে এক ঘণ্টা পর আবার ফিরে আসবে জাতীয় জাদুঘরের সামনে। ফলে দর্শনার্থীরা জাতীয় জাদুঘর দেখতে এসে আবার সহজেই লালবাগ কেল্লা দেখতে যেতে পারবে। এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে এই বাস শুধু শুক্রবার চলাচল করবে।২৩ জুলাই যাত্রা শুরুর দিন বাসটি সাজানো ছিল বেলুন আর রঙিন কাগজের মালায়। শাহবাগ থেকে বিকেল পাঁচটায় লালবাগ কেল্লার উদ্দেশে পর্যটন-বাসটি ছাড়ল। বাসের ভেতরে যাত্রী মাত্র চারজন। বাসের সুপারভাইজার ফারুক বলেন, ‘আজকেই প্রথম শুরু হইছে তো, তাই লোকজন কম। এখনো অনেকে জানে না।’ফারুক জানান, এই রুটে কোনো বাসসার্ভিস নেই। যাওয়া-আসার একমাত্র অবলম্বন রিকশা অথবা সিএনজিচালিত অটোরিকশা। অনেক রিকশাওয়ালা আবার যেতে চায় না। গেলেও ভাড়া চায় অনেক বেশি। তাই বিআরটিসি এই বাস চালু করেছে। কিছুদূর যেতেই ভাড়া চাইলেন সুপারভাইজার। ১০ টাকা ভাড়া গুনতে হলো যাত্রীদের। মিনিট দশেক পরে বাস এসে থামল লালবাগ কেল্লার সামনে। সন্ধ্যা ছয়টায় আবার বাসটি রওনা দিল জাদুঘরের উদ্দেশে। এবার কিন্তু বাসের ভেতর সরগরম। যাত্রীতে ভরে গেছে বাস। বাসের সাজ সাজ আমেজে যাত্রীরাও যোগ করল হাসি-হল্লা-গান।জানা গেল, সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ বাসে যাতায়াতের সুবিধা পাবে দর্শনার্থীরা। যে কেউ শাহবাগের জাতীয় জাদুঘর দেখা শেষ করে পর্যটন-বাসে করে লালবাগ কেল্লায় যেতে পারবে। আবার একই বাসে ফিরতেও পারবে। এ দুটি স্থান থেকে দুই ঘণ্টা অন্তর বাস ছেড়ে যাবে।বিআরটিসির কর্তারা যতই আশ্বাসবাণী শোনান না কেন, পর্যটক-বাসটি চালু হওয়ার পরের শুক্রবারেই সেটি হেলেদুলে এসেছে দুপুরের পর। এটি সেদিন মাত্র তিনটি ‘ট্রিপ’ দিয়েছে। কারণ হিসেবে বিআরটিসি কর্তৃপক্ষ সেদিন তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মহাখালী-বনানী সড়ক অবরোধের কথা উল্লেখ করে। তবে বিআরটিসি সূত্রে জানা গেল, জাতীয় জাদুঘর খোলে বেলা তিনটায়। সে কারণে বিকেলেই জমে পর্যটকদের ভিড়।তবে বিআরটিসির এই পর্যটন-বাসের অনিয়মিত হওয়ার আশঙ্কা আছে কি—এ প্রসঙ্গে বিআরটিসির ডিজিএম (অপারেশন) মেজর কাজী সফিক উদ্দীন বলেন, ‘জাতীয় জাদুঘর ও লালবাগ কেল্লার দর্শনার্থীদের সুবিধার্থেই আমরা বাসটি চালু করেছি। প্রতি শুক্রবার বাসটি নিয়মিতই চলবে।’