জাতীয় জাদুঘরে কারুশিল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নতুন বছর আসন্ন। বর্ষবরণের প্রস্তুতি চলছে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে। এই প্রক্রিয়ায় জাতীয় জাদুঘর প্রাঙ্গণে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে কারুশিল্প মেলা। জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বর্ষবিদায় ও নববর্ষ ১৪১৯ বরণ উপলক্ষে চার দিনের কর্মসূচিতে কারুশিল্প মেলা ছাড়াও রয়েছে বৈশাখী পিঠা উৎসব, বাউলসংগীত, পদাবলি যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বুধবার বিকেলে জাদুঘরের দক্ষিণ প্রাঙ্গণে কারুশিল্প মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।প্রথম দিনই জমে উঠেছে কারুশিল্প মেলা। বিভিন্ন ধরনের লোক ও কারুপণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। কাচের চুড়ি, মাটির গয়না, কাঁসার বাসন, খেলনা, পাটজাত পণ্যের বৈচিত্র্যময় সমাহার। এ ছাড়া মেলায় আরও আছে মিঠাইয়ের দোকান। শিশুদের হাতে নাড়ু, কদমা, বাতাসা, খই, মুড়কি ইত্যাদি। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে মেলায় পসরা সাজিয়েছেন কয়েকজন। সাজানো আছে করতাল, বেহালা, ঢুগঢুগি, মন্দিরা, একতারা ও বিভিন্ন ধরনের বাঁশি।মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। এ ছাড়া শনিবার বিকেলে জাদুঘরের সামনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে লোকনাট্য দল (বনানি) পদাবলি যাত্রা সোনাই মাধব পরিবেশন করবে। গাইবান্ধার ‘চিন্তক’ সাংস্কৃতিক দল পরিবেশন করবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈশাখী নাচ, এ ছাড়া থাকবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউলদের গান ও দেশি বাদ্যযন্ত্রের বাদন পরিবেশনা।