বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব। তাঁর সংগ্রামী জীবনের দুর্লভ আলোকচিত্রগুলো এখন ইতিহাসের বস্তুনিষ্ঠ দলিল। এ ধরনের কিছু দুর্লভ আলোকচিত্র আর তাঁকে নিয়ে আঁকা শিশু-কিশোরদের ছবি এবং তথ্যচিত্র নিয়ে চলছে বিশেষ প্রদর্শনী। বঙ্গবন্ধুর ৯২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়েছে। সংস্কৃতিবিষয়ক সচিব সুরাইয়া বেগম প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ৩৫টি সাদাকালো আলোকচিত্র স্থান পেয়েছে। ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধুর যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘে বাংলায় ঐতিহাসিক ভাষণদানের ওপর শিল্পী রাজন দেবদাসের গৃহীত বিরল ও মূল্যবান আলোকচিত্র স্থান পেয়েছে এতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে ২০০৯-১১ সালে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের ৯৬টি চিত্রকর্মও প্রদর্শনীতে স্থান পেয়েছে। মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস জানান, উদ্বোধনের প্রথম দিন থেকেই প্রদর্শনীটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। প্রতিদিনই নানা বয়সের দর্শক প্রদর্শনী দেখতে আসছে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন দুর্লভ চিত্রগুলো দিয়ে এই প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্য হলো, আমাদের নবীন প্রজন্মের চেতনায় বঙ্গবন্ধুর অসামান্য দেশপ্রেম ও আন্তর্জাতিকতাবাদকে প্রোথিত করা।’ আজ প্রদর্শনীটির শেষ দিন। শিশু-কিশোর ও যুব নাট্য দিবস গতকাল মঙ্গলবার ছিল আন্তর্জাতিক শিশু-কিশোর ও যুব নাট্য দিবস। এ উপলক্ষে সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মাঠে নানা আয়োজনে মেতে ওঠে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন।পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনভুক্ত প্রায় ৩৫টি শিশু-কিশোর সংগঠন অংশ নেয় এ আয়োজনে। বিকেলে এ মিলনমেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার ও নাট্যব্যক্তিত্ব এস এম মহসীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। অতিথিরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় আগত শিশু-কিশোরদের কণ্ঠে গীত হয় ‘আমরা সবাই মঞ্চকুঁড়ি/নটন্দনে ফুটুক কুঁড়ি’ গানটি। এরপর বক্তব্য দেন অতিথিরা।এর আগে বর্ণাঢ্য এ আয়োজনে সমবেত শিশু-কিশোর ও যুব নাট্যকর্মীরা শোভাযাত্রা, ঘুড়ি উৎসব ও মেহেদি উৎসবে অংশ নেয়। ছিল থিয়েটার গেমে ‘ভলি গেম’-এর আয়োজনও। রংবাহারি শিশুদের উপস্থাপনা আর উচ্ছলতায় প্রাঞ্জল হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংগঠনগুলো তাদের সংক্ষিপ্ত উপস্থাপনা দিয়ে মাতিয়ে তোলে। সাংস্কৃতিক পরিবেশনায় আরও ছিল শিশু-কিশোরদের নাট্যাংশ, দলীয় সংগীত, দলীয় নৃত্যসহ বিভিন্ন আয়োজন। খুলনার আয়োজন: খুলনা প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার খুলনায় বিশ্ব শিশুনাট্য দিবস উদ্যাপন করা হয়েছে। উৎসবের স্লোগান ছিল ‘আজই আপনার শিশুকে থিয়েটারে নিয়ে আসুন’। শিশুনাট্য দিবস উদ্যাপন পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার। আলোচনা সভা শেষে শিশুদের ‘যেমন খুশি তেমন সাজো’ ও নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।রাজশাহী সাংস্কৃতিক অনুষ্ঠানরাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে রাজশাহীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানের স্লোগান ছিল ‘তোমার ভবিষ্যৎ অতীতের চেয়ে ভালো হবে’। ইউআইটিএসের সমন্বয়ক আরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ইউআইটিএসের অধ্যাপক এম ইদ্রিস আহমেদ, এ বি সিদ্দিক, ইয়ারজং আলী ও শরিফুল ইসলাম।