জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে বৈঠক চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের ওপর মতামত নিতে আজ বুধবার বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে বৈঠক করছে সংবিধান সংশোধনে গঠিত সংসদের বিশেষ কমিটি। বেলা সোয়া ১১টায় সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করছেন । বেলা সাড়ে ১১টা পর্যন্ত আমার দেশ, আমাদের সময়, ডেইলি সান, নিউজ টুডে, ভোরের কাগজ, মানবজমিন, সমকাল, ফিন্যানশিয়াল এক্সপ্রেস, নয়াদিগন্ত, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর ও প্রথম আলো পত্রিকার সম্পাদকেরা বৈঠকে যোগ দিয়েছেন বলে জানা যায়। এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংবিধান সংশোধন বিষয়ে তাদের দলীয় লিখিত প্রস্তাবনা বিশেষ কমিটির কাছে হস্তান্তর করে। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংসদ ভবনে এসে কমিটির কাছে প্রস্তাবনাটি জমা দেন। প্রস্তাবে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র অক্ষুণ্ন রাখার সুপারিশ করা হয়। একই সঙ্গে রাষ্ট্রের চার মূলনীতি থেকে বিন্দুমাত্র সরে আসার অধিকার কারও নেই বলে উল্লেখ করা হয়। গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়। এ পর্যন্ত ওই কমিটি নিজেদের মতামতের বাইরে রাজনৈতিক দল, সাবেক প্রধান বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবী ও বিশিষ্ট নাগরিকদের মতামত নিয়েছে।