কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মজয়ন্তীর বাংলাদেশ-ভারত যৌথ আয়োজনে বর্ষব্যাপী অনুষ্ঠানের দুই দিনের সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল রোববার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। বিকেলে দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে।কবির কালজয়ী কবিতার আবৃত্তি, কবিগুরুকে নিবেদিত কবিতা পাঠ, একক ও দলীয় সংগীত এবং নৃত্যে অনুষ্ঠানটি ছিল উপভোগ্য। বিশেষ করে, এই উৎসবে আসা ভারতের স্বনামখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের আবৃত্তি দর্শকদের কাছে অনুষ্ঠানটির প্রতি বাড়তি আকর্ষণ জুগিয়েছিল। শর্মিলা ঠাকুর আবৃত্তি করেন রবীন্দ্রনাথের ‘বাঁশিওয়ালা’ কবিতাটি। আবৃত্তির সঙ্গে বাঁশি বাজিয়েছেন গাজী আবদুল হাকিম। ভারত থেকে আসা অপর শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় গান গেয়ে মুগ্ধ করেন ঢাকার শ্রোতাদের। অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, ঢাকা সাংস্কৃতিক দল ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। একক কণ্ঠে কবিগুরুর গান পরিবেশন করেন সেমন্তী মঞ্জুরি, আবদুল ওয়াদুদ, শ্রেয়সী রায়, বুলবুল ইসলাম, স্বাতী সরকার প্রমুখ। কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও কংকন দাস। কবি বেলাল চৌধুরী ও রবিউল হুসাইন রবীন্দ্রনাথকে নিবেদিত তাঁদের কবিতা পাঠ করেন। দলীয় নৃত্য পরিবেশন করে ভাবনা, পল্লবী ড্যান্স সেন্টার ও নৃত্যালোকের শিল্পীরা।