জাতীয় নাট্যশালায় ‘শেষের কবিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিলং পাহাড়ের পথে বিপরীতমুখী দুটি গাড়ির পরস্পর আকস্মিক দুর্ঘটনায় পরিচয় হয় বিলেতফেরত ব্যারিস্টার অমিত রায়ের সঙ্গে লাবণ্যর। নির্জন পাহাড়ের সবুজ অরণ্যঘেরা দুর্লভ অবসরে দুজন দুজনকে দেখে মুগ্ধ, যার পরিণতি গড়ায় প্রণয়ে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মানবিক সম্পর্কের দ্বন্দ্ব ও পরিণতি শেষ পর্যন্ত হয়ে ওঠে শিলংয়ের পাহাড়ি কুয়াশার মতোই রহস্যময় আর বিচিত্র।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর শ্রদ্ধার্ঘ্য হিসেবে গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শেষের কবিতা উপন্যাস অবলম্বনে নাটক মঞ্চায়ন করে থিয়েটার আর্ট ইউনিট। এটি ছিল তাদের ১৬তম প্রযোজনা এবং শেষের কবিতার উদ্বোধনী মঞ্চায়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) রামেন্দু মজুমদার।লাবণ্যর বাবা একজন অধ্যাপক। মাতৃহীন মেয়েকে তিনি বড় যত্নে মানুষ করেছেন। লাবণ্য ভেবেছিল বই পড়বে আর পাস করবে, এভাবেই কাটবে জীবন। কিন্তু আকস্মিক দুর্ঘটনায় অমিতের সঙ্গে পরিচয় হওয়ার পর সে আবিষ্কার করল, সে ভালোও বাসতে পারে।অন্যদিকে অমিত রুচির তৃষ্ণা মিটিয়ে কত সুন্দরী মেয়েদের পাশ কাটিয়ে এসেছে এতকাল। এবার সে বন্দী হলো লাবণ্যর প্রেমে। শিলংয়ের পাহাড়ি পথে ঘুরে ঘুরে তাদের বেশ ভালোই কাটছে—গান গেয়ে, আবৃত্তি করে, পাখি দেখে। একসময় অমিত লাবণ্যকে বিয়ে করতে অস্থির হয়ে ওঠে। কিন্তু লাবণ্যর মন তাতে সায় দেয় না। লাবণ্য ও অমিতের মধ্যে শুরু হয় ব্যক্তিত্বের সংঘাত। একসময় লাবণ্যর পরামর্শে অমিত যায় চেরাপুঞ্জি। ফিরে এসে দেখে, লাবণ্য চলে গেছে শিলং ছেড়ে। এভাবেই এগোতে থাকে কাহিনি। শেষের কবিতার নাট্যরূপ দিয়েছেন প্রশান্ত হালদার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, ফৌজিয়া করিম, সাইফ সুমন, আনিকা মাহিন, মেহমুদ সিদ্দিকী প্রমুখ।এখন থেকে টেলিভিশন বন্ধ বই খোলাশিশুদের শিক্ষা নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থা রুম টু রিডের শিশুদের জন্য ১০টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘এই বইগুলো দিয়ে শিশুরা জীবন শুরু করলে তাদের অপূর্ব সুন্দর জীবন হবে। তাই এখন থেকে টেলিভিশন বন্ধ, বই খোলা।’গতকাল শনিবার প্রারম্ভিক পাঠকদের জন্য তৈরি করা বইগুলোর প্রকাশনা উৎসবে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তনে আগত বেশির ভাগ দর্শক-শ্রোতা ছিল শিশু। তাদের উদ্দেশেই জাফর ইকবাল এ কথা বলেন। অতিথিদের নিয়ে তিনি বই ১০টির মোড়ক উন্মোচন করেন।গতকালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি ছিল একেবারেই ভিন্ন আঙ্গিকের। মঞ্চে কুসুমপুরের আয়েশা, লাল মাছ ও হলুদ পাখি, হাম্বা, আটটি মাছির টিম, পরীর দেশে, ছয় ঋতুর দেশে, কাক ও কোকিলের গল্প, কাকতাড়ুয়া, মেঘের সাথে কথা এবং ঝড়ের পরে—এই ১০টি বইয়ের কাহিনী নেচেগেয়ে, নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়। আয়োজক সংস্থা সিরাজগঞ্জের চরাঞ্চলের মেয়েশিশুদের শিক্ষা-সহায়তা কর্মসূচির শিক্ষার্থীরা এই উপস্থাপনায় অংশ নেয়। উপস্থাপনা শেষে বইয়ের লেখক ও আঁকিয়েরা মঞ্চে এলে অতিথিরা বইয়ের মোড়ক উন্মোচন করেন। অতিথিরা একটি করে বই লেখক ও আঁকিয়েদের হাতে তুলে দেন। কবি আসাদ চৌধুরী অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানকে শ্রদ্ধা করতে শিখুন। তারাই জাতির মর্যাদাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।‘মহিমা তব উদ্ভাসিত-মুক্তিসংগ্রাম’গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মঞ্চে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গুণীজন কর্মসূচি প্রযোজিত ‘মহিমা তব উদ্ভাসিত-মুক্তিসংগ্রাম’ শীর্ষক সিডির মোড়ক উন্মোচন করেন বিপ্লবী জসীমউদ্দীন মণ্ডল। ওই অনুষ্ঠানে গুণীজন কর্মসূচির পক্ষ থেকে বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী এবং বিপ্লবী জসীমউদ্দীন মণ্ডলকে সম্মাননা পদক প্রদান করা হয়। অসুস্থতার কারণে বিনোদবিহারী চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষে তাঁর ছেলে মলয় মিত্র সম্মাননা পদক গ্রহণ করেন। সম্মাননা পদক প্রদান করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিপ্লবী রবি নিয়োগীর মেয়ে মঞ্জুরী নিয়োগী, শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ মোর্তজার স্ত্রী সাঈদা মোর্তজা ও তাঁর ছেলে, চিত্রশিল্পী এমদাদ হোসেনের ছেলে ইমরান হোসেন, মমতাজ জাহান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।বেঙ্গলে বিশেষ প্রদর্শনীবাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ রোববার থেকে মুক্তিযুদ্ধ ও বিজয়ের ওপর দেশের ৪০ জন বিশিষ্ট শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে ‘সৃজনে ও সংগ্রামে চল্লিশ’ শীর্ষক বিশেষ প্রদর্শনী শুরু হবে। বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদ। বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী ও শিল্পসমালোচক মিজারুল কায়েস। গতকাল শনিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, বীরেন সোম, নাসিম আহমেদ নাদভী, ওয়াকিলুর রহমান ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। প্রদর্শনী আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলবে।মুক্ত আসরের ‘সাবাস বাংলাদেশ’বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে মুক্ত আসর আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল আটটা থেকে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘সাবাস বাংলাদেশ’ নামের এই অনুষ্ঠান চলবে বেলা দুইটা পর্যন্ত।