জাতীয় নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে আতঙ্ক ছড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উক্তি উদ্ধৃত করে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।চীন থেকে ফেরার সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়ে গতকাল বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় খোন্দকার দেলোয়ার বলেন, ‘সন্ত্রাস ও নাশকতা নিয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আমরা উদ্বিগ্ন। তাঁর বক্তব্য ইঙ্গিতপূর্ণ। সরকার দেশে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী নেতা-কর্মীদের নিশ্চিহ্ন করার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করে বিদেশিদের হস্তক্ষেপের সুযোগ করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’ চীন সফর শেষে কাল শুক্রবার দেশে ফিরছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। বিমানবন্দরে দলীয় চেয়ারপারসনকে সংবর্ধনা জানাতে ব্যাপক লোকসমাগমের পরিকল্পনা করেছে দলটি। এ জন্য বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি নিচ্ছে। এ প্রস্তুতির অংশ হিসেবে গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করা হয়।সভার পর বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে দলের হাজার হাজার নেতা-কর্মী সমবেত হবেন। এতে পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই সুশৃঙ্খলভাবে দলীয় নেত্রীকে সংবর্ধনা জানাব।’ শুক্রবার বেলা সাড়ে ১১টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন। জঙ্গি উত্থান ও নাশকতা নিয়ে সজাগ থাকতেও সবার প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে উন্নত দেশগুলো। বাংলাদেশ সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, তাতে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ করার ক্ষেত্র তৈরি হচ্ছে। খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। গতকাল বিকেলে যুবদলের প্রস্তুতি সভায় খালেদা জিয়ার সংবর্ধনায় ব্যাপক লোকসমাগমের উদ্যোগ নিতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।