জাতীয় নিরাপত্তা বিপন্নের আশঙ্কা দেখা দিলে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিলে অবশ্যই আমরা কঠোর হব। প্রয়োজনে নিজেদের জীবন দিয়ে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা করব।’গতকাল সোমবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ১২তম ন্যাশনাল ডিফেন্স ও নবম আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি। আন্তর্জাতিক ও আঞ্চলিক সব বিরোধের শান্তিপূর্ণ সমাধান চাই। সার্কের আদর্শ সমুন্নত রাখতেও আমরা দৃঢ়প্রতিজ্ঞ। জাতির পিতা অনুসৃত “সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়”—এই নীতি হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। তবে জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিলে আমরা অবশ্যই কঠোর হব।’ খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সম্পদের স্বল্পতা সত্ত্বেও একটি আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য সশস্ত্র বাহিনীর সব প্রয়োজন আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে।এ প্রসঙ্গে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তিনি যুদ্ধবিধ্বস্ত দেশের চরম অর্থনৈতিক অবস্থার মধ্যেও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি তাঁর সময়েই প্রতিষ্ঠা লাভ করে।’আওয়ামী লীগের গত সরকারের আমলে দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ১৯৯৮ সালে দেশের অন্যতম সর্বোচ্চ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল ডিফেন্স কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রতিষ্ঠার মাত্র ১২ বছরের মধ্যেই এই কলেজ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিতি লাভ করে। অনেক বন্ধুপ্রতিম দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা এখানে কোর্স করতে আসছেন। তা ছাড়া এই কলেজে ২০০১ সালের জানুয়ারি মাস থেকে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স চালু করা হয়েছে।ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় মর্যাদাসম্পন্ন এই কোর্স সফলতার সঙ্গে শেষ করতে আপনাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।’ এই কোর্সে অংশগ্রহণকারীরা ‘জ্ঞানই নিরাপত্তা’—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে আগামী দিনে দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে অধিকতর যোগ্যতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী এই কলেজ থেকে ১৬টি বন্ধুপ্রতিম দেশের ৯৬ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার প্রশিক্ষণ নেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের একেকজন দূত। তাঁরা নিজ দেশে ফিরে গিয়ে এ দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও অপার সম্ভাবনার কথা তুলে ধরেছেন।’প্রধানমন্ত্রী সফলভাবে এনডিসি কোর্স সম্পন্নকারী এবং এএফডব্লিউসি কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। ন্যাশনাল ডিফেন্স কোর্সে বাংলাদেশের ২৬ জন প্রশিক্ষণার্থী এবং বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কা, সুদান, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, মিসর, জর্ডান, কাতার, তানজানিয়া, নাইজেরিয়া, চীন, সৌদি আরবের ২০ জন অংশগ্রহণ করেন। আর্মড ফোর্সেস ওয়ার ফোর্সের বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন লেফটেন্যান্ট কর্নেল, নৌবাহিনীর দুজন কমোডর এবং বিমানবাহিনীর একজন গ্রুপ ক্যাপ্টেন ও তিনজন উইং কমান্ডার অংশ নেন।সমাপনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।