জাতীয় নিরাপত্তা বিপন্নের আশঙ্কা দেখা দিলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক ও আঞ্চলিক সব বিরোধের শান্তিপূর্ণ সমাধান চাই। সার্কের আদর্শ সমুন্নত রাখতেও আমরা দৃঢ়প্রতিজ্ঞ। জাতির পিতার অনুসৃত নীতি “সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়” হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। তবে জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিলে আমরা অবশ্যই কঠোর হব।’আজ সোমবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে ১২তম ন্যাশনাল ডিফেন্স ও নবম আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।১৬টি বন্ধুপ্রতীম দেশের ৯৬ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার এই কলেজ থেকে প্রশিক্ষণ নেওয়ার কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের একেকজন দূত। তাঁরা নিজ দেশে ফিরে গিয়ে এ দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও অপার সম্ভাবনার কথা তুলে ধরেছেন। বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের বন্ধুত্বের সেতুবন্ধন অটুট রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যেসব বন্ধুপ্রতীম দেশের কর্মকর্তারা এই কোর্সে অংশ নিয়েছেন, তাঁরাও দেশে ফিরে গিয়ে একই দায়িত্ব পালন করবেন বলে আমার বিশ্বাস।’প্রধানমন্ত্রী সব ধরনের উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠায় তাঁর সরকারের অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।প্রধানমন্ত্রী সফলভাবে এনডিসি কোর্স সম্পন্নকারী এবং এএফডব্লি¬উসি কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।ন্যাশনাল ডিফেন্স কোর্সে বাংলাদেশের ২৬ জন প্রশিক্ষণার্থী এবং বন্ধুপ্রতীম দেশগুলোর ২০ জন অংশ নেন। বন্ধুপ্রতীম দেশগুলো হচ্ছে: শ্রীলঙ্কা, সুদান, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, মিসর, জর্ডান, কাতার, তাঞ্জানিয়া, নাইজেরিয়া, চীন, সৌদি আরব প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।—বাসস