জাতীয় নির্বাচনে আংশিকভাবে ইভিএম: জাবেদ আলী
নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ব্যাপারে নির্বাচন কমিশন এখনো আশাবাদী। পুরোপুরি সম্ভব না হলে আংশিকভাবে হলেও ইভিএম ব্যবহার করা হবে। নির্বাচন কমিশনে আজ মঙ্গলবার জাবেদ আলী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে কারও দ্বিমত নেই। তবে ইভিএম ব্যবহারের আগে জনমনে আস্থা সৃষ্টির তাগিদ ছিল। সে জন্য এখনো সময় আছে। যথাসময়ে আইনও সংশোধন করা হবে। জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে আগের কমিশন ও বর্তমান কমিশনের বক্তব্যকে কেন্দ্র করে কিছুটা ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে জাবেদ আলী মনে করেন। তিনি বলেন, ‘এ টি এম শামসুল হুদা সাহেবের নেতৃত্বাধীন কমিশন ইভিএমের সূচনা করেছে। তাঁদের ও আমাদের লক্ষ্য অভিন্ন। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা আগের কমিশনও বলেনি। কারণ, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের আইনি ভিত্তি নেই। বলা হয়েছিল, স্থানীয় নির্বাচনে ইভিএম চালু করার পর ভোটাররা অভ্যস্ত হলে তা সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে। এরই ধারাবাহিকতায় রংপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।’