পৌর নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত পরাজয়ের ইঙ্গিত দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘এই ফলাফলকে এখন আর কেবল সরকারের জন্য সতর্কসংকেত বলে ভাবার কোনো কারণ নেই।’ আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে ‘চলমান রাজনীতি, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। বাংলাদেশি সচেতন জনগোষ্ঠী নামের একটি সংগঠন এর আয়োজন করে। সংগঠনের সভাপতি এ কে এম লুত্ফুল বারীর সভাপতিত্বে আলোচনায় মওদুদ আহমদ বলেন, ক্ষমতায় থাকার পরও পৌরসভা নির্বাচনে সরকারকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আগামীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন জাতীয় নির্বাচন হবে, তখন এর চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে। তিনি অভিযোগ করেন, পৌর নির্বাচনে পুলিশ, স্থানীয় প্রশাসন সরকারি দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছে। অর্থ ও সন্ত্রাসসহ এমন কোনো দিক নেই, যা দিয়ে আওয়ামী লীগ পৌর নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করেনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিনিয়োগকারীদের আহাজারিতে রাজপথ প্রকম্পিত: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর আহাজারিতে রাজপথ প্রকম্পিত হচ্ছে। সরকার পুঁজিবাজার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষকে পথে বসিয়েছে।বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের শোভাযাত্রা-পূর্ব সমাবেশে মির্জা আলমগীর এ কথা বলেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সেখান থেকে বের হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা ফেস্টুন, ব্যানার বহন করেন।