জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও জাতীয় প্রতীকের অবমাননা করলে শাস্তির বিধান রেখে এ-সংক্রান্ত সংশোধন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সচিবালয়ে গতকাল রোববার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ ও অ্যামব্লেম সংশোধন আইনের এই খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়। এটি জাতীয় সংসদে পাস হলে তা আইনে পরিণত হবে।বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আগে এ-সংক্রান্ত অবমাননায় শাস্তির বিধান ছিল না। নতুন খসড়ায় সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা একসঙ্গে উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।বৈঠক সূত্র জানায়, গত বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিত না করার বিষয়টি বৈঠকে আলোচনা হয়। সরকারি সিদ্ধান্ত থাকলেও জাতীয় প্রেসক্লাবে তা কার্যকর না হওয়ায় বৈঠকে ক্ষোভ জানানো হয়।ব্রিফিংয়ে প্রেসসচিব জানান, বৈঠকে প্রবাসীকল্যাণ ব্যাংক আইন ২০১০, বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রবাসীকল্যাণ ব্যাংক আইনের খসড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক বেকার যুবক ঘরবাড়ি, জমিজমা বিক্রি করে বিদেশে পাড়ি জমান। অনেক সময় তাঁরা দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যান। এ ধরনের ঘটনা থেকে সরকার এই ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এই ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশের নাগরিকেরা বিদেশে যেতে পারবেন। পরে তা শোধ করে দেবেন।’ তিনি বলেন, প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠিত হলে প্রবাসীরা দ্রুত সময়ে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এই ব্যাংকের ৭৫ শতাংশ শেয়ার থাকবে প্রবাসীদের কাছে।সূত্র জানায়, এই আইনে আগে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ সচিবকে পদাধিকারবলে প্রবাসীকল্যাণ ব্যাংকের চেয়ারম্যান রাখার বিধান ছিল। গতকালের বৈঠকে সংশোধনী এনে চেয়ারম্যান পদে সরকার নিয়োগ দেবে—এ রকম বিধান রাখা হয়।আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশ সর্বোচ্চ ভোট পেয়ে সিডো-সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে অভিনন্দন জানানো হয়। এ ছাড়া বাংলাদেশে ধূমপানবিরোধী কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে-২০০৯ এবং ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে-২০১০ পুরস্কার পাওয়ায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলীকে অভিনন্দন জানানো হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।