জাতীয় পতাকা ছেঁড়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পতাকা ছেঁড়ার অভিযোগে বিএনপি-জামায়াতের ৫১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৪৯ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।গতকাল রাতে নাজিরপুর থানায় মামলাটি করেন উপজেলা সদরের আজবর খান। তিনি অভিযোগ করেন, গত মঙ্গলবার (৫ মার্চ) বিএনপির কর্মী লিলন খান উপজেলা সদরে সাতকাছিমিয়া এলাকায় বসে তাঁর পকেটে থাকা জাতীয় পতাকা বের করে ছিঁড়ে রাস্তায় ফেলে দেন। নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, মামলায় পিরোজপুর জেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম খান ও জামায়াতের ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৪৯ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।এ ব্যাপারে নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের (বিএনপি-জামায়াত কর্মীদের) হয়রানি করার জন্যই এ মামলা সাজানো হয়েছে।’