জাতীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল আটটা। এর মধ্যেই শিক্ষার্থীরা আসতে শুরু করেছে ধানমন্ডি ২৭ নম্বরের অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে। কেউ এসেছে চট্টগ্রাম থেকে, কেউ খুলনা থেকে, কেউ কেউ আবার রাজশাহী, সিলেট ও রংপুর থেকে। উদ্দেশ্য একটাই, পদার্থবিজ্ঞানে নিজের মেধাকে আরও শাণিত করা এবং নিজের যোগ্যতার বিচার করা।পদার্থবিজ্ঞান! এমন কঠিন বিষয়ে আবার অলিম্পিয়াডে আসে সারা দেশের ছেলেমেয়েরা? উত্তর মিলল উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নাবিলা ফাইরুজের কাছে। নাবিলা বলল, ‘শুধু তো আর পাঠ্যপুস্তক পড়ে পাস করা না, সারা জীবন যে একজন মানুষের পদার্থবিজ্ঞান দরকার, এটা তো আর ভুলে গেলে চলবে না। কারণ, সবচেয়ে জটিল সমস্যার সমাধান দিতে পারে পদার্থবিজ্ঞান।’ কথা বলতে বলতেই সামনে এগিয়ে দেখা গেল মস্ত এক ফ্লোরে সবাই সংগীতশিল্পী বিপ্লবের সঙ্গে সুর মিলিয়ে গাইছে, ‘এসো গাই জীবনের জয়গান, ছিনিয়ে আনব মোরা আগামীর বিজয়’। এর পর পরই কেক কেটে উদ্বোধন করা হয় প্রথমবারের মতো ‘অক্সফোর্ড-দ্য ডেইলি স্টার ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড২০১১’। সারা দেশের ৪০টি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ছিল এ আয়োজন। দিনব্যাপী এই অলিম্পিয়াডের শুরুতে নেওয়া হয় এক ঘণ্টার একটি ছোট্ট পরীক্ষা। এখান থেকে নির্বাচিত সেরা ২০ জন প্রতিযোগী পেয়েছে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল এবং তাদের মধ্য থেকে সেরা পাঁচজনকে বেছে নেওয়া হবে বিশেষ ট্রেনিং ক্যাম্পে—যেখানে প্রশিক্ষণ শেষে তারা এ বছর জুলাই মাসে উড়াল দেবে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে। দুটি গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নবম ও দশম শ্রেণীর জন্য গ্রুপ ‘এ’ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ‘বি’। চট্টগ্রাম গ্রামার স্কুল থেকে প্রতিযোগিতায় অংশ নিতে আসা বৃষ্টি শিকদার বলল, ‘আমি বিজ্ঞান ভালোবাসি। তাই প্রতিবছর গণিত উৎসবে যোগ দিই। এ বছর প্রথম শুরু হওয়া ফিজিক্স অলিম্পিয়াডে এসেও অনেক ভালো লাগছে।’ মূলত স্কুল-কলেজের এই প্রতিযোগিতা হলেও ২০ বছরের নিচের বিশ্ববিদ্যালয়পড়ুয়ারাও অংশ নিতে পারবে বলে জানান প্রতিযোগিতার সঙ্গে জড়িত মাহমুদুল হক। পরীক্ষার পর শুরু হয় প্রতিবেদন ও প্রজেক্ট উপস্থাপন, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, অ্যাস্ট্রোনমি ভিডিও শো প্রভৃতি, যার প্রতিটি বিষয়ই অলিম্পিয়াডকে এক বাড়তি মাত্রা দেয়। ভিডিও শো দেখে রীতিমতো অবাক রাজউক মডেল কলেজের অর্ঘ্য কমল রায়। সে বলল, ‘মজার মজার এমন ভিডিও দেখেও যে ফিজিক্স শেখা যায়, তা এখানে এসে জানলাম।’ অলিম্পিয়াডে ড. মুহম্মদ জাফর ইকবালের উপস্থিতি শিক্ষার্থীদের ভিন্নমাত্রার আনন্দ দেয়। বিকেলে অক্সফোর্ড স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ড. জহির বিশ্বাসের পরিচালনায় বিজ্ঞানভিত্তিক নাটক আইনস্টাইনের চোখে জল ছিল চমৎকার, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জি এম নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য সামনে এগিয়ে চলা। বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় করতে আমরা প্রতিবছর এর আয়োজন করতে চাই।’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘বিজ্ঞানচর্চার মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বাঙালির অসাধ্য কিছু নেই, তার সর্বশেষ বড় প্রমাণ মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়।’ সারা দিনের এই আয়োজনে শিক্ষার্থীরা শিখে নেয় পদার্থবিজ্ঞানের মজার মজার সব তথ্য। আর তাই পুরস্কার না পেলেও খুশি ছিল অনেক শিক্ষার্থী। কেউ কেউ বলে, এখানে আসতে পারাও তো কম নয়।ইমাম হাসান