জাতীয় পরিচয়পত্র ছাড়া কারও কাছে সিম কার্ড বিক্রি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কারও কাছে সিম কার্ড বিক্রি করা যাবে না। সংশ্লিষ্ট ব্যবসায়ী গ্রাহকের জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে এর সত্যতা যাছাই করবেন। নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের সত্যতা নিশ্চিত করলে, তবেই ওই গ্রাহক সিম কিনতে পারবে। মোবাইল ফোনের মাধ্যমে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধবিষয়ক একসভা শেষে সাহারা খাতুন সাংবাদিকদের এসব কথা জানান। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাহারা খাতুন আরও জানান, ১৮ বছরের নিচে কেউ মোবাইল ফোনের সিম কার্ড কিনতে পারবে না। এ ছাড়া ইতিমধ্যে নিবন্ধনবিহীন দুই লাখ মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। কাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে মোবাইল অপারেটর প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।সাহারা জানান, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, মোবাইল অপারেটরদের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত হয়েছে।তিনি আরও বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মোবাইল অপারেটরদের একটি কমিটি থাকবে, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি কমিটিও পর্যবেক্ষক হিসেবে কাজ করবে।বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বিভিন্ন মোবাইল অপারেটিং কোম্পানির প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।