ব্যবহার বাধ্যতামূলক না হলেও জাতীয় পরিচয়পত্রকে স্মার্ট কার্ডে রূপান্তর করতে ৭৮৭ কোটি টাকা ব্যয় করবে নির্বাচন কমিশন (ইসি)। দশমিক ৫ শতাংশ হার সুদে এ টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। ঋণ পেতে ইতিমধ্যে বিশ্বব্যাংকের শর্তানুযায়ী ইসি একজন আইনি পরামর্শক নিয়োগ দিয়েছে।কমিশন সূত্র জানায়, ২০০৭-০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রকল্প বাস্তবায়ন এবং ভোটারদের সাধারণ মানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য ব্যয় হয়েছিল ৫০০ কোটি টাকার মতো।বর্তমান পরিচয়পত্র কাগজের তৈরি ও লেমিনেশন করা। এটি টেকসই করতে স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে, যা প্লাস্টিকের তৈরি এবং দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা যায়।সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মতে, প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় করে স্মার্ট কার্ড দেওয়াটা অর্থহীন। তিনি প্রথম আলোকে বলেন, জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক হবে বিবেচনা করেই এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করেছিল। এখন তা বাধ্যতামূলক না হওয়ায় এটি জনগুরুত্বহীন। বর্তমানে যে কার্ড আছে, সেটাই যথেষ্ট। অর্থ মন্ত্রণালয়ের এক চিঠির জবাবে জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ব্যাখ্যা দিয়ে আইন মন্ত্রণালয় ও ইসি বলেছে, যেকোনো সেবা পাওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। জানতে চাইলে এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যার আলোকেই কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না বলে জানানো হয়েছে। তা ছাড়া আগের কমিশনের সময়ে চুক্তিটি হওয়ায় বর্তমান কমিশন তা বাতিলের চিন্তাভাবনা করছে না।জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১১ ধারায় বলা আছে, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সেবা পাওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করতে পারবে। তবে সাধারণভাবে সব এলাকার নাগরিকের অনুকূলে জাতীয় পরিচয়পত্র দেওয়ার আগ পর্যন্ত এ গেজেট প্রজ্ঞাপন জারি করা যাবে না। এই আইনের ওপর ভিত্তি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করে এবং এর জালিয়াতি রোধে ভোটারদের স্মার্ট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ জন্য উন্নত মানের জাতীয় পরিচয়পত্র এবং ডেটাবেইস ও নেটওয়ার্ক তৈরিসংক্রান্ত প্রকল্প (আইডিয়া) গ্রহণ করে। প্রকল্প বাস্তবায়নে কমিশন ২০১০ সালের ২১ আগস্ট বিশ্বব্যাংকের সঙ্গে ১৯৫ মিলিয়ন ডলারের (এক হাজার ৫০০ কোটি টাকা) ঋণচুক্তি সই করে। ভোটারদের তথ্য অনলাইনে যাচাইয়ের সুযোগ দিতে কমিশন এ বছরের ২৫ ও ২৬ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করে। তখন সিইসি শামসুল হুদা বলেছিলেন, দেশের প্রায় সব ভোটারকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ শেষ হয়েছে। সরকার এখন ইচ্ছা করলে গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করতে পারে। সূত্র জানায়, ওই চুক্তির আলোকে অর্থ মন্ত্রণালয় জানতে চাইলে কাজী রকিব উদ্দীন আহমেদের নেতৃত্বে নতুন কমিশন গত ২৩ জুলাই চিঠি দিয়ে বলেছে, ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খোলাসহ বিভিন্ন দপ্তরের সেবা দেওয়াসংক্রান্ত কোনো কাজে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না। আইন মন্ত্রণালয়ও একই ব্যাখ্যা দিয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। কমিশন সচিবালয় সূত্র জানায়, এক হাজার ৫০০ কোটি টাকার মধ্যে স্মার্ট কার্ড মুদ্রণ ও বিতরণের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৭৮৭ কোটি টাকা। অন্য উল্লেখযোগ্য খাতগুলো হলো: ডেটা এন্ট্রি অপারেটর সরবরাহ প্রতিষ্ঠানের জন্য ১০১ কোটি, যন্ত্রপাতি কেনা ৯৪ কোটি, ভোটারদের ঘরে ঘরে শোভন এনআইডি পৌঁছে দেওয়ার জন্য ৯০ কোটি, উপজেলার সঙ্গে কেন্দ্রের ভোটার তথ্যভান্ডারের নেটওয়ার্ক তৈরিতে ৪৪ কোটি, সফটওয়্যার কেনায় ৩২ কোটি এবং কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ২২ কোটি টাকা।