জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমী দেশীয় সংস্কৃতির উন্নয়নে ‘নাটক, নৃত্য, সংগীত এবং যাত্রাশিল্পের পৃষ্ঠপোষকতা ও মানোন্নয়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় বছরভর দেশব্যাপী সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল শুক্রবার সেই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একাডেমীর জাতীয় নাট্যশালায় এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী ও কর্মসূচি পরিচালক সারা আরা মাহমুদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিজয়ী শিল্পীরা সংগীত-নৃত্যে তাঁদের প্রতিভার পরিচয় তুলে ধরেন দর্শকের সামনে। মোট আটটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো: রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, আবৃত্তি, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গনৃত্য, দলীয় সংগীত ও দেশাত্মবোধক গান/গণসংগীত।প্রতিটি বিষয়ে তিনটি আলাদা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পর্যায়ে প্রায় ৪৫০ জন এবং সারা দেশের জেলা ও উপজেলা থেকে তিন হাজার ২০০ জনকে পুরস্কৃত করা হয়।