জাতীয় পার্টি ও জামায়াত মেয়র পদে প্রার্থী দিচ্ছে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টি। অন্যদিকে বিরোধী চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীও মেয়র পদে প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে। ৪১টি ওয়ার্ডের অধিকাংশগুলোতেই কাউন্সিলর পদেও প্রার্থী চূড়ান্ত করেছে এই দুটি দল। ফলে এই নির্বাচনে আর কোনো জোট বা মহাজোট থাকছে না।জাতীয় পার্টি ও জামায়াত—উভয় দলের শীর্ষস্থানীয় নেতারা বলছেন, বিগত কয়েক বছরে তাঁদের দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার চেষ্টা করেছেন তাঁরা। এই উদ্যোগ কতটা সফল হলো, তা এই নির্বাচনের মাধ্যমে পরীক্ষা করতে চান তাঁরা।উভয় দলের মতে, এর ফলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের নিজেদের জনসমর্থন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে।জাপার প্রার্থী সোলায়মান শেঠ: সূত্র জানায়, দলের চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ দলের হয়ে মেয়র পদে নির্বাচন করবেন। এ ছাড়া ২২টি ওয়ার্ড কাউন্সিলর পদেও প্রার্থীর তালিকা তৈরি করেছে দলটি। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে শিগগিরই এ তালিকা পাঠানো হবে। তিনি চূড়ান্ত করলেই সবাই মনোনয়নপত্র দাখিল করবেন।জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ২০০৪ সালে তাঁরা চট্টগ্রামের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরে প্রত্যাহার করে নিয়েছিলেন। সে সময় সেখানে দলের সাংগঠনিক দুর্বলতা ছিল। এ কারণে জাতীয় পার্টির যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেই ভোট তারা নিজেদের ঘরে তুলতে পারতেন না। তবে গত কয়েক বছরে চট্টগ্রামে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ড ও ১১টি থানার মধ্যে নয়টি থানায় সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়া হয়েছে। বাকিগুলোতেও কাজ চলছে। এখন দলের পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব বলে তাঁরা মনে করছেন।সোলায়মান শেঠ প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ১৯ তারিখে জমা দেব। চট্টগ্রাম সম্মিলিত সচেতন নাগরিক পরিষদ আমাকে সমর্থন দেবে।’জামায়াতের সম্ভাব্য প্রার্থী দুজন: জামায়াতে ইসলামী মেয়র পদে আপাতত দুজনকে ঠিক করেছে। তাঁরা হলেন মহানগর জামায়াতের নেতা আফসার উদ্দিন চৌধুরী ও জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। আফসার উদ্দিন ২০০৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আর শাহজাহান চৌধুরী বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় গত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।জানতে চাইলে জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, ‘অধিকাংশ প্রার্থীই ঠিক হয়ে গেছে। মেয়র পদে দুজনের মধ্যে একজনকে চূড়ান্ত করা হবে।’জোটভিত্তিক নির্বাচন না করার কারণ জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, ‘এখনো জোটের মধ্যে এ নিয়ে আলোচনা হয়নি। যদি আলোচনা হয়, তখন দেখা যাবে।’জামায়াতের অন্য নেতারা বলছেন, সংগঠন হিসেবে জামায়াত কতটুকু এগিয়েছে, তা যাচাই করতে চট্টগ্রাম সিটি নির্বাচন একটি সুযোগ। এর মাধ্যমে জনগণের কাছাকাছি যাওয়াও সহজ হবে। কামারুজ্জামান বলেন, ‘যেকোনো গণতান্ত্রিক দল মাত্রই নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচন ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা যাচাইয়ের প্রশ্ন। আর আমরাও অবস্থান ভালো করার জন্য চেষ্টা করব।’চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাংসদ আ ন ম শামসুল ইসলাম প্রথম আলোকে জানান, ১৭ মের মধ্যে তাঁরা মেয়র ও ৪১টি ওয়ার্ড কাউন্সিলর পদেই প্রার্থিতা চূড়ান্ত করে ফেলবেন।