জাতীয় পার্টি নির্বাচনে এককভাবে অংশ নেবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে তাঁর দল এককভাবে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় যেতে চায়। এ লক্ষ্যে জাতীয় পার্টি কাজ শুরু করেছে। আগামী সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার জন্য তালিকা তৈরি শুরু হবে। আজ শনিবার জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে এলডিপি নেতা নাজিমউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদারসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এরশাদ যোগদানকারী নেতা-কর্মীদের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়াকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনেক সম্মানজনক, যেকোনো রাজনীতিবিদের জন্য। এটা রাজনীতিবিদদের বুঝতে হবে। রাজনীতিবিদদের নিজেদের প্রতি অবিশ্বাসের কারণেই তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছিল। এখন তার অবসান হতে হবে।এরশাদ আরও বলেন, কোনো গণতান্ত্রিক দল তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি অগণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে চাইতে পারে না। এ জন্য শুরু থেকেই জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মুছে দেওয়ার দাবি করেছে। কারণ রাজনৈতিক সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটা দেশবাসী বিশ্বাস করে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছিল রাজনৈতিক সংস্কৃতির কলঙ্কতিলক। এই ব্যবস্থা সত্যিই বেআইনি ও অসাংবিধানিক। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে এ ব্যবস্থা অনেকে চালু রাখতে চান। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না বলে যাঁরা ঘোষণা দেন, তাঁদের রাজনীতি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। তাই কোনো বিশেষ দলের নির্বাচন না করার হুমকিতে জনগণ ভয় পায় না।উল্লেখ্য, নব্বইয়ের গণ-অভ্যুত্থানে তত্কালীন রাষ্ট্রপতি এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো মতৈক্যের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করেছিল।