জাতীয় পার্টিই মুক্তি এনে দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান সরকার জনপ্রিয়তা হারিয়েছে। কিন্তু প্রধান বিরোধী দলের প্রতিও জনগণের আস্থা সৃষ্টি হয়নি। কারণ, উভয় দলই দেশকে বিপর্যয়ের মুখে নিয়ে গেছে।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর কার্যালয়ে শেরপুর জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবেশে চরম ধূম্রজাল সৃষ্টি হয়েছে। দিশেহারা মানুষ এখন মুক্তির উপায় খুঁজছে। জাতীয় পার্টিই মুক্তি এনে দিতে পারে।জাপার চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিরোধিতা করে বলেন, এ দেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ছিল না। কোনো তত্ত্বাবধায়ক সরকার জাতীয় পার্টির প্রতি নিরপেক্ষ আচরণ করেনি। কোনো গণতান্ত্রিক দেশে অনির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার থাকতে পারে না। জাপার শেরপুর জেলা সভাপতি মো. ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের বক্তব্য দেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য এম এ সাত্তার, জেলা জাপার সভাপতি মো. ইলিয়াস উদ্দিন, শেরপুরের শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম।