জাতীয় পার্টিকে ‘ছোট’ করে না দেখতে মহাজোটের প্রতি এরশাদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলকে ‘অবমূল্যায়ন’ ও ‘ছোট’ করে না দেখতে মহাজোটের শরিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মহাজোটকে ক্ষমতায় আনতে জাতীয় পার্টি বেশি ত্যাগ স্বীকার করেছে। জাতীয় পার্টিকে সঙ্গে রাখুন—উপকৃত হবেন। আগামীতে ক্ষমতায় আসার পথ সৃষ্টি হবে।’ আজ শনিবার বিকেলে সিলেটে জেলা জাতীয় পার্টির তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।নগরের রেজিস্টারি মাঠে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। প্রতিনিধি সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, আতিকুর রহমান, সাংসদ নবাব আলী আব্বাস খান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মহাজোটে যোগ দেওয়ার পর জাতীয় পার্টি কাঙ্ক্ষিত অনেক কিছু পায়নি উল্লেখ করে এরশাদ বলেন, ‘মহাজোটে গিয়ে কী পেলাম, কী পেলাম না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, মহাজোটকে ক্ষমতায় নিয়ে যেতে পেরেছি। মহাজোটে আছি, থাকতে চাই। মহাজোটকে আবারও ক্ষমতায় আনতে চাই। এ জন্য জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।’এরশাদ আরও বলেন, দেশ হরতাল ও সংঘাতের দিকে এগোচ্ছে। দ্রব্যমূল্য বেড়ে মানুষের ক্রয়-ক্ষমতায় বাইরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সরকার জনগণের আস্থা হারাবে।প্রশাসন ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর বিকল্প নেই জানিয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, যে হারে মানুষ বাড়ছে, দেশ জনসংখ্যার ভার বহন করতে পারবে না। মানুষের কর্মসংস্থান বাড়াতে হলে প্রাদেশিক সরকার চালু করতে হবে।