রাজশাহী কলেজে ছাত্র ভর্তি করাকে কেন্দ্র করে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্রসমাজের নেতা-কর্মীদের হাতে কলেজের উপাধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন।আজ বুধবার রাজশাহী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। কলেজের শিক্ষক ও সাধারণ ছাত্ররা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা একটার দিকে জাতীয় পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম জোহা সংগঠনের ২০-৩০ জন কর্মীসহ মিছিল নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অধ্যক্ষের কক্ষে যান। তাঁরা গতকালের ঘটনার মীমাংসার কথা বলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সিঁড়ির দিকে নিয়ে আসেন।এ সময় ছাত্রসমাজের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তাই উপাধ্যক্ষ হবিবুর রহমান ছাত্রদের সঙ্গে কথা বলার জন্য সিঁড়ির নিচে নেমে এলে রাজশাহী মহানগর ছাত্রসমাজের সভাপতি মুনসুর রহমান তাঁকে ধাক্কাধাক্কি করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শিক্ষক ও ছাত্ররা মুনুসুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।কলেজ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার কলেজের রসায়ন বিভাগের উচ্চমাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ভর্তিপ্রক্রিয়া শুরু হয়। কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ও রাজশাহী মহানগর ছাত্রসমাজের সহসভাপতি শাহীন ও বাদশা ১০-১২ জন নেতা-কর্মী নিয়ে কলেজ ক্যাম্পাসে এসে ভর্তির অনিয়মের অভিযোগ তুলে ভাঙচুর শুরু করেন। এ ঘটনার পর কর্তৃপক্ষ শাহীন ও তাঁর সঙ্গীদের নামে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।রাজশাহী কলেজের অধ্যক্ষ আলী রেজা মো. আবদুল মজিদ জানান, তাঁরা বেশ কয়েক দিন থেকেই তাঁদের দলের ছাত্রদের ভর্তি করানোর জন্য গোল্ডেন জিপিএর নিচের ছাত্রদের ভর্তি করানোর জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। তিনি আরও জানান, এবার এ ধরনের কোনো কিছু করার সুযোগ নেই। রীতিমতো কম্পিউটার শিট দেখে ভর্তির কাজ চলছে।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ভাঙচুর করে কলেজে ত্রাস সৃষ্টি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।