জাতীয় পার্টির নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মাহমুদুল হক খান ওরফে দিপু (৪৩) নামের জাতীয় পার্টির এক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে ধামরাই থানা-পুলিশ।আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।মাহমুদুল হক খান রাজধানীর ক্যান্টনমেন্ট থানার থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর (উত্তর) যুগ্ম সম্পাদক ও দেশবন্ধু বিল্ডার্সের চেয়ারম্যান ছিলেন।ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, গতকাল রাত নয়টার পর থেকেই মাহমুদুল হক নিখোঁজ ছিলেন। এ সময় তাঁর মুঠোফোনটিও বন্ধ ছিল। ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে মাহমুদুলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ওমর ফারুক আরও জানান, প্রথমে অজ্ঞাত ব্যক্তির লাশ হিসেবে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। সন্ধ্যার দিকে লাশটির পরিচয় পাওয়া যায়।মাহমুদুল হক খান ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ৫২১ খানপল্লী দক্ষিণ মানিকদী মাটিকাটা এলাকায় থাকতেন।