দিনাজপুরে জাতীয় পার্টির সম্মেলনে এরশাদ
জাতীয় পার্টির সহযোগিতা ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া অসম্ভব
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘গত নির্বাচনে ২৯টি আসনে আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি ভোট পেয়েছিল ১৫ লাখ ৩৭ হাজার। বিপরীতে ২৫৪টি আসনে আওয়ামী লীগকে জাতীয় পার্টি ভোট দিয়েছে ৬০ লাখ ৯৬ হাজার। বিনিময়ে আমরা কী পেয়েছি? লাঞ্ছনা আর বঞ্চনা। আমরা গম চাই না, অর্থ চাই না—আমরা চাই সম্মান।’ তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ভিশন-২০২১ সফল করতে হলে জাতীয় পার্টির সহযোগিতা নিতে হবে। তাঁর সহযোগিতা ছাড়া ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ গড়া অসম্ভব।আজ শনিবার দুপুরে দিনাজপুর লোকভবনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, ‘আমার শাসনামলে উন্নয়নের চিত্র ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি ২১টি জেলা থেকে ৬৪টি জেলাসহ ৪৬০টি উপজেলা সৃষ্টি করেছি। যোগাযোগ ব্যবস্থার যে সংস্কার করেছি, তার সুফল দেশের ১৫ কোটি মানুষ এখন ভোগ করছে। শুধু সংগঠনের ভিত্তি মজবুত না হওয়ায় জনগণের ভোট থেকে আমরা বঞ্চিত হয়েছি। ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী করে জনগণের ভালোবাসা নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য অর্জন করতে চাই। সে কারণে সারা দেশে সংগঠনকে সুসংগঠিত করতে আমি বৃদ্ধ বয়সে জেলায় জেলায় ছুটে চলেছি।’এরশাদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি আট বছর সেনাপ্রধান এবং নয় বছর রাষ্ট্রপতি ছিলাম। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমাকে একটি শক্তিশালী দল দিন। জনগণ আমাদের ভালোবাসে। কিন্তু দল সুসংগঠিত না থাকায় জনগণ আমাদের ভোট দিতে পারেনি। ভবিষ্যতে এ অবস্থা ঘুচিয়ে দল শক্তিশালী করতে চাই।’জেলা আহ্বায়ক আবদুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাপার মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাংসদ হাফিজ উদ্দীন, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান, রংপুর পৌরসভার মেয়র আবদুর রউফ মানিক। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী।জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, এরশাদ নিষ্পাপ পুরুষ। তাঁর হাতে রক্তের কোনো দাগ নেই। বঙ্গবন্ধু ও জিয়া কেউ বেঁচে নেই। তাই ১৫ কোটি জনগণ তাকিয়ে আছে এরশাদের দিকে।সম্মেলন শেষে দিনাজপুরের স্বপ্নপুরীর স্বত্বাধিকারী আলহাজ দেলোওয়ার হোসেনকে সভাপতি ও আহমেদ শফিকে সাধারণ সম্পাদক করে জাতীয় পার্টির দিনাজপুর জেলা কমিটি ঘোষণা করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।