জাতীয় প্রেসক্লাবের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে ডিপিডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এক কোটি সাত লাখ টাকার বিল বকেয়া থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জানা গেছে, বিপুল পরিমাণ বিল বকেয়া পড়ার কারণ প্রেসক্লাবের গ্রাহকশ্রেণী নির্ধারণ নিয়ে মতবিরোধ। ডিপিডিসি প্রেসক্লাবকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের শ্রেণীভুক্ত করে বিল করে আসছে। অপরদিকে, প্রেসক্লাবের দাবি, এটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। তাই বাণিজ্যিক গ্রাহকশ্রেণী পরিবর্তন করে প্রেসক্লাবকে ‘ডি’ শ্রেণীভুক্ত গ্রাহক হিসেবে বিল করা হোক। ‘ডি’ শ্রেণীভুক্ত গ্রাহক হচ্ছে বিভিন্ন ধরনের দাতব্য প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় প্রভৃতি। এই শ্রেণীর গ্রাহক অপেক্ষাকৃত নিম্নহারে, কোনো স্লাব অনুসরণ না করে (ফ্ল্যাট রেট) বিল দেন। ডিপিডিসি কী বলে: বিল নিয়ে বিরোধ সম্পর্কে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান গতকাল প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী প্রেসক্লাবকে ডি শ্রেণীভুক্ত গ্রাহক বিবেচনা করা সম্ভব নয়। প্রেসক্লাব এ ব্যাপারে মন্ত্রণালয় কিংবা এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশনা আনার চেষ্টা করতে পারে। আর বকেয়া বিলের একাংশ পরিশোধ করলে যেকোনো সময় তিনি কিস্তিতে বাকি বিল পরিশোধের ব্যবস্থা করে দিতে পারেন।বকেয়া তো অনেক দিনের পুঞ্জীভূত। তাহলে প্রেসক্লাবের নির্বাচন, নতুন কমিটির দায়িত্ব গ্রহণ প্রভৃতি নিয়ে মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়ানোর সময় সংযোগ বিচ্ছিন্ন করার পেছনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল কি না, জানতে চাইলে আবদুস সোবহান বলেন, শুধু বকেয়ার জন্যই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই বিলটি নিয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তা হচ্ছে দীর্ঘদিন ধরে। বিলটি পরিশোধের জন্য গত কয়েক মাসেও ডিপিডিসির সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগ তিন দফা চিঠি দিয়েছে। এরপর গত ৯ ডিসেম্বর চিঠি দিয়ে বলা হয়, ১৯ ডিসেম্বরের মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং তা উভয় পক্ষের জন্যই একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে।এরপর প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে আলোচনা করেছে বলে জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, কিন্তু আগের মতোই এই আলোচনায়ও কোনো ফল হয়নি। যে কারণে বাধ্য হয়েই সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে।গতকাল অনুষ্ঠিত বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলেছিলেন কি না, জানতে চাইলে বলেন, ‘এটি একদমই বিভ্রান্তিকর একটি উদ্ধৃতি। সংসদীয় কমিটির সভায় একজন সদস্যের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, প্রেসক্লাবের বিপুল পরিমাণ বিল বকেয়া থাকা, গ্রাহকশ্রেণী পরিবর্তনের জন্য তাদের দাবি, সংযোগ বিচ্ছিন্ন করার জন্য চিঠি ও নোটিশ পাঠানো—এই সম্পূর্ণ প্রক্রিয়াই মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট উপদেষ্টার জানা আছে।’ প্রেসক্লাবের বক্তব্য: বিষয়টি সম্পর্কে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি বলেছে, ৯ ডিসেম্বরের চিঠি পাওয়ার পরদিন একটি প্রতিনিধিদল ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে। তাঁকে বলা হয়, দীর্ঘদিন যাবৎ প্রেসক্লাবের মাসিক বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল ১০-১২ হাজার টাকা। কিন্তু কয়েক বছর আগে (২০০৪ সাল) হঠাৎ করে তা ৫০ থেকে ৮০ হাজার টাকায় উন্নীত হলে জানা যায়, তৎকালীন ডেসা বাণিজ্যিক গ্রাহক হিসেবে প্রেসক্লাবকে বিদ্যুৎ বিল দিচ্ছে।তখন ডেসাকে এবং এখন ডিপিডিসিকে বুঝিয়ে বলা হয়েছে, প্রেসক্লাব কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এটি একটি অলাভজনক সামাজিক সংগঠন। এ দেশের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার মর্যাদা এবং সামগ্রিক গণতন্ত্রচর্চার সূতিকাগার জাতীয় প্রেসক্লাব। এই প্রতিষ্ঠানকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা কোনোভাবেই সমীচীন নয়।এ প্রসঙ্গে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রেসক্লাবের বিভিন্ন অংশ ভাড়া দেওয়ার কথা উল্লেখ করলে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ভাড়া থেকে আয় হওয়া টাকা দিয়ে কর্মচারীদের বেতন-ভাতাসহ ক্লাবের সার্বিক ব্যয় নির্বাহ করা হয়। প্রেসক্লাব তার সদস্যদের কোনো প্রকার মুনাফা দেয় না। এই পর্যায়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রাহকশ্রেণী পরিবর্তনের ব্যাপারে তাঁদের কিছু করার নেই।এর আগে একবার আলোচনার পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবের গ্রাহকশ্রেণী পরিবর্তন ও বকেয়া বিলের সারচার্জ মওকুফের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী ২০০৮ সালের ১১ জুন তিন লাখ টাকা বিল পরিশোধ করা হয়। এরপর বহুবার প্রেসক্লাবের পক্ষ থেকে লিখিত ও মৌখিকভাবে সমস্যাটি সুরাহা করার জন্য বলা হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও প্রেসক্লাবের পক্ষে বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি।প্রেসক্লাবের বক্তব্যে বিদ্যুৎ বিল নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করা হয়। প্রসঙ্গত, বিভিন্ন শ্রেণীর গ্রাহকের কাছে গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ডিপিডিসির মূল বকেয়া প্রায় ৫৪০ কোটি ৫৭ লাখ টাকা।