জাতীয় ফল কাঁঠাল
আমাদের জাতীয় ফল কাঁঠালের মৌসুম এখন। এটি যৌগিক ফল। কারণ এটি একটি সমগ্র মঞ্জরির পরিণতি। ফুল একলৈঙ্গিক, তবে একই গাছে স্ত্রী ও পুরুষ ফুল ফোটে।ডিসেম্বরে ফুল ফোটা শুরু হয়। পুষ্পবিন্যাস প্রথমাবস্থায় দুটি মঞ্জরিপত্র দ্বারা আবৃত থাকে। পুষ্পমঞ্জরি দেখতে ক্ষুদ্র কাঁঠালের মতো। মঞ্জরি ‘মুচি’ নামে পরিচিত। সাধারণত বায়ু দ্বারা পরাগায়ণ হয়ে থাকে। ফুলে বৃতি ও পাপড়ি অনুপস্থিত। পুরুষ মঞ্জরি পরাগায়ণের পর ঝরে পড়ে। পূর্ণাঙ্গ কাঁঠালের বহিরাবরণের প্রতিটি চোখ পুষ্পমঞ্জরির একেকটি ফুলের অবস্থান নির্দেশ করে। কাঁঠালের প্রতিটি কোয়া একেকটি ফল। স্ত্রী পুষ্পমঞ্জরির বোঁটা, ডিম্বাশয়, পুষ্পপুট মিলে ফলে রূপান্তরিত হয়। স্ত্রী পুষ্পমঞ্জরিতে সম্পূর্ণ পরাগায়ণ হলে যৌগিক ফল কাঁঠাল হিসেবে রূপান্তরিত হয়। এই যে রূপান্তরিত ফল, এটাই দেশের জাতীয় ফল।গ্রীষ্মকালে ফল হয়। এই ফলের প্রতিটি অংশ অত্যন্ত উপকারী। কাঁচা কাঁঠাল তরকারি হিসেবে খুুবই সুস্বাদু ও উপাদেয়; পাকা কাঁঠালের কোয়া সুমিষ্ট ও পুষ্টিগুণসমৃদ্ধ। কাঁঠালের বীজ ভাজা মুখরোচক, আবার সবজি হিসেবেও তরকারিতে বহুল ব্যবহূত। মানুষের খাদ্য উপযোগী অংশ ছাড়া পাকা কাঁঠালের বাকি অংশ—বহিরাবরণ, গাছের পাতা ইত্যাদি গবাদিপশুর প্রিয় খাদ্য। এদের জন্য উপকারীও।বীজ থেকেই কাঁঠালের চারা গজায় বর্ষাকালে। কাঁঠাল কাঠের বড় গুণ হলো, এতে উঁই পোকা ধরে না। আসবাবপত্র ও দরজা-জানালা তৈরির জন্য কাঁঠাল কাঠ ভীষণ সমাদৃত। কাঁঠালের আঠা কাঠের ছিদ্র ভরাট করার কাজে লাগে। কাঁঠালগাছ চিরহরিৎ বলে ছায়াশীতল এবং পথিকের জন্য আরামদায়ক। কাঁঠালের বৈজ্ঞানিক নাম Artoearpus heterophyllus। কাঁঠাল বিশ্বের সর্ববৃহৎ ফল। কাঁঠাল ও কাঁঠালগাছের প্রতিটি অংশ মানুষ ও পশুর জন্য উপকারী; বিশ্বে এমন গাছ ও ফল খুব কম রয়েছে। কাঁঠালে শ্বেতসার, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রণ, পটাশিয়াম, ভিটামিন-সি রয়েছে। প্রতি ১০০ গ্রাম পাকা কাঁঠালে রয়েছে ৮৮ গ্রাম কিলোক্যালরি।জাতীয় ফল নির্বাচিত করে আমরা কাঁঠালকে ধন্য করেছি, নাকি কাঁঠাল আমাদের ধন্য করেছে, কাঁঠালভক্তরা তা ভেবে দেখতে পারেন।কান্তা রিমি রায়, সহযোগী অধ্যাপকদিনাজপুর মেডিকেল কলেজ[email protected]