জাতীয় বাজেট ঘোষণা হবে বৃহস্পতিবার
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৯ জুন বিকেল চারটার দিকে জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা বলা হয়।ওই দিনই বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, সম্পূরক আর্থিক বিবৃতি, মঞ্জুরি ও বরাদ্দের দাবি (উন্নয়ন ও অনুন্নয়ন), সংযুক্ত তহবিলপ্রাপ্তি, নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ২০টি মন্ত্রণালয়ের কার্যক্রম, অর্থনৈতিক সমীক্ষা-২০১১, ডিজিটাল বাংলাদেশ: জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথ নকশা: একটি হাল চিত্র ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ থেকে সরবরাহ করা হবে। বাজেট উপস্থাপনের পরের দিন অর্থাৎ ১০ জুন বিকেল চারটার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বাসস।