জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুতদের বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আগের দিনের মতো আজ সোমবারও তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন।অন্যদিকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে চাকরিচ্যুতদের নামের তালিকা টানিয়ে দেওয়া হয়। এর আগ পর্যন্ত কারা কারা চাকরিচ্যুত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তালিকা দেখে চাকরিচ্যুতরা অভিযোগ করছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করেছে। একই সময়ে নিয়োগ পাওয়া কাউকে কাউকে চাকরিচ্যুত করা হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে তা হয়নি।গত শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮২১ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়। তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ছিল।কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছেন চাকরিচ্যুত ব্যক্তিরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এবং টাকার বিনিময়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত আফতাব আহমাদের সময় এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছিলেন। পরে ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সাংসদ ফজলে রাব্বী মিয়া। শুনানি নিয়ে ২০০৬ সালে হাইকোর্ট রিট আবেদন খারিজ এবং ওই নিয়োগকে বৈধ ঘোষণা করেন।কিন্তু ওই রায়ের বিরুদ্ধে ২০১০ সালের ১৫ ডিসেম্বর রিভিউ আবেদন করেন আ ক ম মোজাম্মেল হক। এরই পরিপ্রেক্ষিতে আদালত ওই রায় কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২৩ আগস্ট হাইকোর্ট তাঁদের চাকরিচ্যুতির নির্দেশ দেন।