জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুতরা ক্ষুব্ধ ও হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আট বছর ধরে চাকরি করছি। হঠাত্ করে চাকরি নেই। এখন বউ-বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? চাকরির বয়সও চলে গেছে।’আজ রোববার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কথাগুলো বলছিলেন বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৮২১ কর্মকর্তা-কর্মচারীর একজন। হতাশার সঙ্গে ক্ষোভও প্রকাশ করেন লিয়াকত আলী নামের এই উচ্চমান সহকারী। তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। আর এখন দেখছি আমাদের শত শত কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হচ্ছে। এটাই কি তাঁর ঘোষণার বাস্তবায়ন?’লিয়াকতের মতো ক্ষুব্ধ ও হতাশ বিশ্ববিদ্যালয়টির শত শত কর্মকর্তা কর্মচারী। সকাল থেকে দিনভর তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।গত শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮২১ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয়। তাঁদের নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ছিল।কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছেন চাকরিচ্যুত ব্যক্তিরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এবং টাকার বিনিময়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান প্রশাসন বেশ কিছু ব্যক্তির কাছ থেকে এরই মধ্যে টাকাও নিয়েছেন বলে দাবি করেন চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক মো. নুরুল আমীন।শাখা কর্মকর্তা কানিজ ফাতেমার দাবি, তাঁরা পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন। বৈধভাবেই নিয়োগ পেয়েছিলেন। কিন্তু এখন তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে। তিন বছরের এক কন্যাসন্তানের মা কানিজ ফাতেমা এ খবর শুনে অনেকটা দিশেহারা।এদিকে এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তাঁদের মামলাটিতে বিবাদীর পক্ষভুক্ত করার দাবি জানিয়েছেন।তবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তোফায়েল আহমেদ চৌধুরী বলেছেন, আদালতের রায়ের ওপর তাঁদের কথা বলার এখতিয়ার নেই। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সংস্থা সিন্ডিকেট আদালতের রায় বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্তই তাঁরা মেনে চলবেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত আফতাব আহমাদের সময় এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছিলেন। পরে ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সাংসদ ফজলে রাব্বী মিয়া। শুনানি নিয়ে ২০০৬ সালে হাইকোর্ট রিট আবেদন খারিজ ও ওই নিয়োগকে বৈধ ঘোষণা করেন।কিন্তু ওই রায়ের বিরুদ্ধে ২০১০ সালের ১৫ ডিসেম্বর রিভিউ আবেদন করেন আ ক ম মোজাম্মেল হক। এরই পরিপ্রেক্ষিতে আদালত ওই রায় কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২৩ আগস্ট হাইকোর্ট তাঁদের চাকরিচ্যুতির নির্দেশনা দেন।চাকরিচ্যুত ব্যক্তিরা অভিযোগ করেন, রুলের শুনানিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনজীবীর মাধ্যমে তাঁদের পক্ষে কোনো যুক্তিতর্ক তুলে ধরেনি। তাদের এই ‘ষড়যন্ত্রের ফলে’ এ ধরনের রায় এসেছে।