জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০০৫ জন চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক হাজার ১৩২ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এক হাজার পাঁচজনকে গতকাল রোববার চাকরিচ্যুত করা হয়েছে। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ১২৭ কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতি চূড়ান্ত করার আগে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এঁদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ। সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে বিএনপিপন্থী বলে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান, সংস্থাপনসচিব এবং বদরুন্নেসা কলেজের অধ্যক্ষ ছিলেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগ নিয়ে প্রায় আট বছর ধরে আইনি জটিলতা চলছে। একের পর এক মামলার ধারাবাহিকতায় সম্প্রতি উচ্চ আদালত এক হাজার ১৩২ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির নির্দেশ দেন। দুটি বিজ্ঞাপনের মাধ্যমে ২০০৪ সালে এই এক হাজার ১৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে একই বছরের জানুয়ারিতে ৮০৭ জনকে অস্থায়ী এবং ১২৭ জনকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। স্থায়ী নিয়োগ পাওয়া ১২৭ জন মূলত আগের আওয়ামী লীগ সরকারের আমলে অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিন্ডিকেটের সভায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিষয়টি আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে একাধিক সিন্ডিকেট সদস্য প্রথম আলোকে জানান, আদালতের রায় খণ্ডিতভাবে বাস্তবায়ন করলে ভবিষ্যতে নতুন আইনি জটিলতা তৈরি হতে পারে।সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়, চাকরিচ্যুত প্রত্যেককে শিগগিরই চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে।