জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০০ জনকে চাকরিচ্যুতির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া প্রায় ৯০০ কর্মকর্তা-কর্মচারীর চাকরির অবসানের জন্য আজ শনিবার সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁদের চাকরিচ্যুত করা হচ্ছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে সিন্ডিকেটের জরুরি সভা আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছে। বিদেশে থাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ এ সভায় থাকছেন না।বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, আদালতের নিষেধাজ্ঞা থাকায় অপর ২৩০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিশ্ববিদ্যালয়ে মোট জনবল এক হাজার ৭৩৫ জন।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁকে শনিবার সভা আহ্বানের কথা জানালেও নির্দিষ্ট সময় বলা হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়ের আলোকে করণীয় নির্ধারণে এ সভা ডাকা হয়েছে।গত ২৩ আগস্ট বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। তবে রায়ে কী বলা হয়েছে, তা নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে অস্পষ্টতা ছিল। গত বৃহস্পতিবার রায়ের অনুলিপি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত হয়, ওই কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি চাকরিচ্যুত করতে বলা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগপ্রাপ্তদের বেলায় চাকরিচ্যুতির নির্দেশ কার্যকর হবে।সূত্র জানায়, রায়ের কপি পাওয়ার পর রিভিউ আবেদনকারী সাংসদ আ ক ম মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি এ বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগপ্রাপ্ত হওয়ার অভিযোগ থাকা কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার বিষয়ে উদ্যোগ নেন।জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়াত সাবেক উপাচার্য আফতাব আহমাদের সময়ে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সাংসদ ফজলে রাব্বী মিয়া। শুনানি নিয়ে ২০০৬ সালে হাইকোর্ট রিট আবেদন খারিজ এবং ওই নিয়োগকে বৈধ ঘোষণা করেন।ওই রায়ের বিরুদ্ধে ২০১০ সালের ১৫ ডিসেম্বর রিভিউ আবেদন করেন আ ক ম মোজাম্মেল হক। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই রায় কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২৩ আগস্ট হাইকোর্ট তাঁদের চাকরিচ্যুতির নির্দেশ দেন।এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা কমিটি কাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে। কমিটির নেতারা বলেছেন, এই রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলে এবং একজন নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দিলে তাঁরা আলোচনায় বসবেন। অন্যথায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অচল করে দেবেন।চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, আইনি জটিলতায় ফেলে তাঁদের হয়রানি করছে একটি মহল। নিয়মনীতি মেনে এবং যোগ্যতার ভিত্তিতে তাঁরা চাকরি পেয়েছেন। অর্ধযুগের বেশি সময় চাকরি করার পর কারণ দর্শানোর সুযোগ পর্যন্ত না দিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি কর্মকর্তা-কর্মচারীকে বিদায় করার চেষ্টা কেউ মেনে নেবে না।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত বুধবার প্রথম আলোকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় জটিল সময় পার করছে। আইনি জটিলতা, বাস্তবতা, কাজের পরিবেশ, প্রশাসনের নেতৃত্ব প্রভৃতি মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়টিতে বহুমুখী সংকট তৈরি হয়েছে। এটা দূর করার চেষ্টা চলছে।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিশ্ববিদ্যালয় ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে কয়েকজন শিক্ষাবিদ ও গণমাধ্যমের সমালোচনার কারণে তিনি অবস্থান পরিবর্তন করেন। উপাচার্য পদে কাজী শহীদুল্লাহ, সহ-উপাচার্য পদে তোফায়েল আহমেদ চৌধুরীসহ দুজন এবং কোষাধ্যক্ষ পদে শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদকে নিয়োগ দিয়ে তাঁদেরকে বিশ্ববিদ্যালয়টি গোছানোর দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, তাঁদের প্রশাসনিক অদক্ষতা এবং কোন্দলে বিশ্ববিদ্যালয়টির অবস্থা আরও খারাপ হয়েছে। শিক্ষামন্ত্রী গত সপ্তাহে তাঁদের তলব করে সরকারের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। এই প্রেক্ষাপটে অর্ধেকের বেশি জনবলের চাকরিচ্যুতি বিশ্ববিদ্যালয়টিকে আরও বেশি সংকটাপন্ন করে তুলবে বলে কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।