জাতীয় মজুরি ও উত্পাদনশীলতা কমিশনের সুপারিশ ২০০৯ সাল থেকে কার্যকর করতে হবে। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত খাতের চলমান আন্দোলনের বিষয়ে মতামত জানতে চাইলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতারা এই দাবি জানান।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল মঙ্গলবার ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, শ্রমসচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় স্কপের নেতারা জানান, কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী শ্রমিকদের গোষ্ঠী বিমা হিসেবে আগের মতো ৩৬ মাসের সমপরিমাণ মজুরি দিতে হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কাজে ২০০ টাকা ভাতা প্রদানসহ কমিশনের সুপারিশ অনুযায়ী মজুরিকাঠামো ও বার্ষিক প্রবৃদ্ধির হার বহাল রেখে মজুরি কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়নের প্রস্তাব রাখেন তাঁরা।সভায় স্কপের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মতিন মাস্টার, নজরুল ইসলাম খান, সহিদুল্লাহ চৌধুরী, আবদুল কাদের হাওলাদার, খলিলুর রহমান, ওয়াজেদুল ইসলাম খান, রায় রমেশ চন্দ্র, জাফরুল হাসান প্রমুখ।