জাতীয় মানবাধিকার কমিশনকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জাতীয় মানবাধিকার কমিশনকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের সদস্যদের নিয়োগ দিতে আজ মঙ্গলবার বাছাই কমিটির বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। গত জুলাই মাসে আইন পাসের পর থেকে কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী একাই দায়িত্ব পালন করছেন। অন্য সদস্যদের নিয়োগ না হওয়ায় কমিশন পূর্ণাঙ্গ রূপ পায়নি।মানবাধিকার কমিশন আইনের ৭ ধারা অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের লক্ষ্যে সুপারিশ করার জন্য সাত সদস্যের একটি বাছাই কমিটি হবে। জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে এই কমিটির অন্য সদস্যরা হলেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব এবং একজন সরকারদলীয় ও একজন বিরোধীদলীয় সাংসদ। সরকারি প্রজ্ঞাপনে দেখা যায়, গত ১ অক্টোবর এই বাছাই কমিটি গঠন করা হয়। কমিটিতে সরকারি দলের সাংসদ এম আমানউল্লাহ্ ও বিরোধী দলের জাফরুল ইসলাম চৌধুরী সদস্য আছেন। স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে জানিয়েছেন, মঙ্গলবার বাছাই কমিটির বৈঠক হবে। আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ জানিয়েছেন, স্পিকারের কার্যালয়ে বেলা সাড়ে ১২টার দিকে বৈঠকের সময় ঠিক করা হয়েছে। তবে আগামীকালের বৈঠকেই কমিশনের সদস্যদের নিয়োগ দেওয়া হবে কি না, এ বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানতে চাইলে আইন কমিশনের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘এখনো তো বৈঠক হয়নি। বৈঠকের আগে তো এটা বলা যাবে না।’কমিটির সদস্য জাফরুল ইসলাম চৌধুরী বলেন, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাঁকে বৈঠকের কথা জানিয়েছেন। তবে ওই দিন তাঁর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তিনি চট্টগ্রামে কর্মসূচিতে ব্যস্ত থাকায় বৈঠকে থাকতে পারবেন না। তিনি বলেন, ‘ওই দিন তো মনে হয় কোনো সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্তের কোনো এজেন্ডা তো দেখলাম না।’সদস্য নিয়োগ ছাড়া মানবাধিকার কমিশন পূর্ণাঙ্গ রূপ না পাওয়ার আরও কারণ আছে। এখন পর্যন্ত কমিশনে তদন্ত কর্মকর্তাসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ পায়নি, তৈরি হয়নি বিধি, নেই কমিশনের কোনো নিজস্ব কার্যালয়। কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী ও মানবাধিকারকর্মীরা এর প্রতিটি বিষয়ের সমাধা করে একটি শক্তিশালী কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।আইনমন্ত্রী শফিক আহমেদ গত ১০ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনারে বলেছিলেন, মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে সব ধরনের কারিগরি ও আর্থিক সহযোগিতা দেওয়া হবে। আইনে যা আছে: মানবাধিকার কমিশন আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান ও অনধিক ছয়জন সদস্য নিয়ে কমিশন গঠিত হবে। বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও অন্য সদস্যদের নিয়োগ দেবেন। আইন, বিচার, মানবাধিকার, শিক্ষা, সমাজসেবা বা মানবকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন—এমন ব্যক্তিরাই এই পদগুলোতে নিয়োগ পাবেন। কমিশনের চেয়ারম্যান বা অন্য সদস্যদের বয়স হবে ন্যূনতম ৩৫ থেকে সর্বোচ্চ ৭০ বছর। কমিশনের বর্তমান অবস্থা: তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৩ ডিসেম্বর ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ’ জারি হয়। ২০০৮ সালের ১ ডিসেম্বর বিচারপতি আমিরুল কবীর চৌধুরীকে চেয়ারম্যান করে তিন সদস্যের কমিশন গঠিত হয়। তবে গত জুলাই মাসে জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন আইন পাসের পর দুই কমিশনার দায়িত্ব ত্যাগ করায় চেয়ারম্যান একাই কাজ চালাচ্ছেন। এক সদস্য মুনিরা খানের বয়স ৭০ বছর হয়ে যাওয়ায় তিনি পদত্যাগ করেন। আর নীরু কুমার চাকমা তাঁর বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ফিরে গেছেন। বিধি নেই: কমিশন আইনের শুরুতেই আছে, মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং মানবাধিকার যথাযথভাবে নিশ্চিত করতে দ্রুত বিধি প্রণয়ন করতে হবে। বিধি প্রণয়ন করতে ‘স্থানীয় পরামর্শক’ নিয়োগের জন্য কমিশনের পক্ষ থেকে একাধিকবার সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। পরে কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী নিজেই বিধির খসড়া করে গত ৪ আগস্ট আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। এখন পর্যন্ত মন্ত্রণালয় তা চূড়ান্ত করেনি। বিচারপতি আমিরুল কবীর চৌধুরী বলেন, ‘এই বিধিটি চূড়ান্ত না হলে কোনো অভিযোগের তদন্ত করা সম্ভব নয়।’লোকবল-সংকট: কমিশনের চেয়ারম্যান জানান, বিভিন্ন পদে ৬২ জন লোক নিয়োগ চেয়ে ২০০৮ সালের ২২ নভেম্বর তাঁরা আইন মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছিলেন। সরকার কেবল প্রেষণে একজন যুগ্ম সচিব, একজন অতিরিক্ত জেলা জজ ও একজন যুগ্ম জেলা জজকে কমিশনে পাঠিয়েছে। তাঁরা যথাক্রমে কমিশনের সচিব, পরিচালক ও উপপরিচালক হিসেবে কাজ করছেন।বিচারপতি আমিরুল কবীর চৌধুরী জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘প্রমোটিং একসেস টু জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কমিশনের কাজে সহায়তা দিতে অস্থায়ীভাবে পাঁচজন কর্মী দেওয়া হয়েছে। তাঁরাই কমিশনের নানা দাপ্তরিক কাজে সহায়তা দিচ্ছেন।