জাতীয় যক্ষ্মা কর্মসূচিতে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে ওষুধ ও রোগ-নির্ণয়ের রাসায়নিক কেনা ছাড়া অন্য খাতে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে দাতা সংস্থা গ্লোবাল ফান্ড। এই কর্মসূচিতে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। ব্যবস্থাপনার অদক্ষতায় মাঠ পর্যায়ে যক্ষ্মার ওষুধ সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, এতে দেশে এমডিআর যক্ষ্মার ঝুঁকি বাড়ছে। দাতা সংস্থার অভিযোগের ভিত্তিতে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সংশ্লিষ্ট পরিচালকসহ (লাইন ডিরেক্টর) একাধিক পদে রদবদল এনেছে মন্ত্রণালয়। কিন্তু আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ একটি পদ থেকে একজনকে সরিয়েছি। বাকি কয়েকজনকে দু-এক দিনের মধ্যে সরানো হবে।’যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে ২০০৪ সাল থেকে অনুদান দিচ্ছে জেনেভাভিত্তিক দাতা সংস্থা গ্লোবাল ফান্ড। গত ২১ জুলাই যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির নতুন লাইন ডিরেক্টর মোসাদ্দেক আহমেদকে লেখা চিঠিতে গ্লোবাল ফান্ডের দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের আঞ্চলিক টিম লিডার তৌফিকুর বলেছেন, কেনাকাটা এই কর্মসূচির জন্য বড় সমস্যা। চিঠিতে জরুরি ভিত্তিতে জবাবদিহি নিশ্চিত, প্রশাসনিক ব্যবস্থাপনা উন্নত এবং সঠিক আর্থিক ব্যবস্থাপনা করতে বলা হয়েছে।এর আগে গ্লোবাল ফান্ডের অঙ্গ সংস্থা লোকাল ফান্ড এজেন্ট (এলএফএ) হিসাব নিরীক্ষা করে অর্থব্যয়ের ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, নিরীক্ষার ওপর ভিত্তি করে গত ৪ জুলাই গ্লোবাল ফান্ডের ওই কর্মকর্তা স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে দেখা করে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। এর পরপরই লাইন ডিরেক্টর প্রভাত চন্দ্র বড়ুয়াকে সরিয়ে নতুন লাইন ডিরেক্টর নিয়োগ করে মন্ত্রণালয়। কিন্তু যেসব কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, তাঁরা এখনো স্বপদে বহাল আছেন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাকি পাঁচজনকে এক সপ্তাহের মধ্যে সরানো হবে। যক্ষ্মা পরিস্থিতি: জাতীয় পর্যায়ে সর্বশেষ যক্ষ্মা জরিপের তথ্য প্রকাশ করা হয় গত জুলাই মাসে। এই জরিপের প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কে জামান। প্রথম আলোকে তিনি বলেন, ১৫ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে প্রতি লাখে ৭৯ জন যক্ষ্মার জীবাণু বহন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মার প্রকোপ বেশি—এমন ২২টি দেশের যে তালিকা তৈরি করেছে তাতে বাংলাদেশের স্থান ষষ্ঠ।বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের পরিচালক (স্বাস্থ্য) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, গ্লোবাল ফান্ডের বিপুল পরিমাণ আর্থিক অনুদানের ফলে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ভালোভাবে চলছে। সারা দেশ কর্মসূচির আওতায় থাকার কারণে দেশে যক্ষ্মার প্রকোপ আগের চেয়ে কমেছে। ২০০৪ থেকে ২০১৪ সাল সময়কালে তিন পর্যায়ে গ্লোবাল ফান্ড এক হাজার ১৮০ কোটি ৯০ লাখ টাকা অনুদান দিচ্ছে। এর মধ্যে সরকার পাচ্ছে ৫৪৬ কোটি ৯০ লাখ এবং ব্র্যাকের নেতৃত্বাধীন ৪৬টি এনজিওর জোট পাচ্ছে ৬৩৪ কোটি ২০ লাখ টাকা। মাঠ পর্যায়ে কফ পরীক্ষা, রোগী শনাক্তকরণ এবং প্রতিটি রোগীকে প্রতিদিন ওষুধ দেওয়ার মূল কাজ করেন এনজিওকর্মীরা। সার্বিক সমন্বয়, ওষুধ ও রি-এজেন্ট কেনা, মাঠ পর্যায়ে তা পৌঁছে দেওয়া, এমডিআর যক্ষ্মা রোগীর চিকিৎসা দেওয়া, প্রশিক্ষণ—এসব কাজ সরকারের। গত মাসে গ্লোবাল ফান্ড সরকারকে বলেছে, তারা শুধু ওষুধ কেনার টাকা দেবে।গ্লোবাল ফান্ডের পক্ষ থেকে এ বছর ও গত বছর স্বাস্থ্যসচিব ও লাইন ডিরেক্টরকে লেখা একাধিক চিঠিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, উপযুক্ত লোক নিয়োগ করার কথা বলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরামর্শক প্রথম আলোকে বলেন, কর্মসূচিতে ও মন্ত্রণালয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে। এই চক্র গ্লোবাল ফান্ডের চিঠি বা সতর্ক বার্তাকে পাত্তা দেয়নি। এই চক্রটি এতটাই শক্তিশালী যে, তাদের অনিয়ম সুনির্দিষ্টভাবে চিহ্নিত হওয়ার পরও সরকার শাস্তি দিতে পারছে না। অনিয়মিত ওষুধ: বছরে প্রায় দেড় লাখ যক্ষ্মা রোগীর চিকিৎসা দেওয়া হয় জাতীয় কর্মসূচির মাধ্যমে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার রোগীর হাতে যক্ষ্মার ওষুধ পৌঁছে দেন মাঠ পর্যায়ের এনজিওকর্মীরা। এনজিও কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা কমপক্ষে চার মাসের ওষুধ মজুদ রাখেন। একটি এনজিওর কর্মকর্তা বলেছেন, তাঁরা এই চার মাসের মজুদ থেকে ওষুধ দিচ্ছেন রোগীদের। টাঙ্গাইলের একটি উপজেলার দায়িত্বপ্রাপ্ত এনজিও কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, সেখানে যক্ষ্মার ওষুধ ‘স্টেপট্রোমাইসিনের’ মজুদ নেই। এই ওষুধ সরকার বিদেশ থেকে আনে। একাধিক এনজিওর সঙ্গে কথা বলে জানা গেছে, কফ পরীক্ষার রি-এজেন্ট (জীবাণু পরীক্ষার রাসায়নিক দ্রব্য) মাঝেমধ্যেই ফুরিয়ে যায়। তাঁরা বলছেন, কর্মসূচিতে টাকার কোনো কমতি নেই, শুধু দক্ষতার সঙ্গে খরচ করতে পারে না বলে মাঠ পর্যায়ে ওষুধ ও রি-এজেন্টের সংকট তৈরি হয়। তবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মসূচি ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ের ওষুধ শেষ হওয়ার আগেই নতুন ওষুধ চলে আসবে।’নতুন লাইন ডিরেক্টর মোসাদ্দেক আহমেদ বলেন, কর্মসূচির দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, ওষুধ বা রি-এজেন্টের যেন সংকট না হয়, তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এমডিআর যক্ষ্মা: বিশেষজ্ঞরা বলছেন, সরকারকে যেকোনো মূল্যে সাধারণ যক্ষ্মার ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো কারণে ওষুধ সরবরাহ বন্ধ থাকলে দেশে এমডিআর যক্ষ্মা বহু গুণ বেড়ে যাবে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. নজরুল ইসলাম বলেন, যক্ষ্মার ওষুধ সঠিক মাত্রায় নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সেবন করতে হয়। মাত্রা যদি ঠিক না থাকে অথবা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ওষুধ সেবন না করলে রোগীর দেহের যক্ষ্মা জীবাণু (ব্যাকটেরিয়া) ওষুধ সহনশীল হয়ে পড়ে। নির্দিষ্ট ওষুধে ওই জীবাণু আর মারা পড়ে না। তখন তাকে বলে মাল্টি ড্রাগ রেজিস্টেন্ট (এমডিআর) বা বহু ওষুধ প্রতিরোধী যক্ষ্মা। সাধারণ যক্ষ্মায় ছয় মাস ওষুধ সেবন করতে হয়। সরকারি কর্মসূচিতে এই ওষুধ রোগীকে বিনা মূল্যে দেওয়া হয়। আর এমডিআর যক্ষ্মা রোগীকে দুই বছর ওষুধ সেবন করতে হয়।কে জামান বলেন, বাংলাদেশে এমডিআর যক্ষ্মা রোগীর সংখ্যা কমপক্ষে ১০ হাজার। এ যক্ষ্মার প্রকোপ ঢাকা শহরেই বেশি।সরকারি কর্মসূচির মাধ্যমে মাত্র ৪১৩ জন এমডিআর যক্ষ্মা রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ডেমিয়েন ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কিছু রোগীকে চিকিৎসা দিচ্ছে। একাধিক সূত্র বলছে, এমডিআর রোগীর চিকিৎসা ও ওষুধ নিয়েও অব্যবস্থাপনা চলছে। একাধিক সূত্র বলেছে, এমডিআর যক্ষ্মার ওষুধেরও মজুদ ফুরিয়ে যাচ্ছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাবেরা সুলতানা বলেন, ওষুধ কেনার প্রক্রিয়া চলছে, মজুদ ফুরানোর আগেই নতুন ওষুধ দেশে চলে আসবে।