জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হে নূতন/ দেখা দিক আর-বার/ জন্মের প্রথম শুভক্ষণ’—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই নতুনকে আহ্বান জানিয়েছিলেন। নবীনেরাও যুগে যুগে সাড়া দিয়েছেন কবির আহ্বানে। কবির জন্মদিনে নিবেদন করেছেন শ্রদ্ধা ও ভালোবাসার অর্ঘ্য। বাঙালির মনে, মননে, চিন্তায়, সকল অভিব্যক্তিতে, আনন্দে, দুঃসময়ে কবি ছিলেন সব সময়। আগামী ২৫ বৈশাখ কবিগুরুর ১৫১তম জন্মজয়ন্তী। দিনটি সামনে রেখে গতকাল শুক্রবার ঢাকায় বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে শুরু হয়েছে ত্রয়োবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব।‘ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে/ আশা করি প্রাণপণে—/ নিবিড় প্রেমের সরস বরষা/ যদি নেমে আসে মনে’ শিরোনামে আয়োজিত ত্রয়োবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত শিল্পী অজিত রায় ও মৃদুলকান্তি চক্রবর্তীর স্মৃতির উদ্দেশে।গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ছিল রবীন্দ্র-অনুরাগীদের উপস্থিতিতে পূর্ণ। ঠিক ছয়টায় উঠল পর্দা। মঞ্চে যুবক রবীন্দ্রনাথের বিশাল প্রতিকৃতি। একসঙ্গে মঞ্চে ওঠেন প্রায় ৮৫ জন শিল্পী। এ দলে নবীনদের পাশাপাশি উজ্জ্বল উপস্থিতি ছিল প্রবীণ শিল্পীদেরও। শিল্পীদের সঙ্গে শ্রোতারাও কণ্ঠ মিলিয়ে গাইলেন চিরকালের ভালোবাসার গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।এরপর গানে গানে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি। এ সময় শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন, ‘অরূপ, তোমার বাণী/ অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক্ সে আনি’। পরের গানটিও অনেক চেনা ‘আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,/ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,/ বিস্ময়ে তাই জাগে আমার গান’। মিলনায়তনে উপস্থিত অনেক দর্শক কণ্ঠ মেলান গানটিতে। সম্মেলক কণ্ঠের পরিবেশনা শেষ হয় ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ গানটি দিয়ে। দ্বিতীয় পর্বে চট্টগ্রামের রবীন্দ্রগবেষক ও সাংবাদিক অরুণ দাশগুপ্তকে কলিম শরাফী স্মারক সম্মাননা দেওয়া হয়। এ সময় প্রয়াত শিল্পী কলিম শরাফীর সহধর্মিণী নওশাবা খাতুন, সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ, সাধারণ সম্পাদক শিল্পী সাজেদ আকবর, আমেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে অরুণ দাশগুপ্ত কবির ভাষাতেই তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন, ‘এ মনিহার আমার নাহি সাজে’। তিনি বলেন, ‘আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি। তাঁর গান ভালোবাসি। তিনি নিত্যসঙ্গী আমার। যখনই কোনো সংকটে পড়ি, মনে সংশয় দেখা দেয়, তখন তাঁর স্মরণাপন্ন হই।’ বাকি জীবন এভাবেই কাটাতে চান বলে জানান তিনি। পরে আশির দশকে গাওয়া কলিম শরাফীর ২০টি গান নিয়ে প্রকাশিত পথে ডেকেছিলে মোরে নামের সিডির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এরপর ছিল একক পরিবেশনা। গানের মাঝে মাঝে কবিতা আবৃত্তি। সুরে-ছন্দে মনোমুগ্ধকর হয়ে উঠেছিল অনুষ্ঠান। এর আগে সকালে উৎসবের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শিল্পী কলিম শরাফীকে নিয়ে আলোকচিত্রী এম এ তাহেরের সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।