জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এটি সংস্থার আয়োজনে ত্রয়োবিংশতম রবীন্দ্রসংগীত উৎসব। উৎসবের কার্যক্রম চলবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।আজ শুক্রবার ২১ বৈশাখ, ৪ মে থেকে উৎসব শুরু হবে, চলবে ২৫ বৈশাখ, ৮ মে পর্যন্ত। এবারের উৎসবের শিরোনাম করা হয়েছে কবির গানের চরণ থেকে ‘ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে/ আশা করি প্রাণপণে—/ নিবিড় প্রেমের সরস বরষা/ যদি নেমে আসে মনে’। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত শিল্পী অজিত রায় ও মৃদুলকান্তি চক্রবর্তীর স্মৃতির উদ্দেশে। উৎসবে সহায়তা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।উৎসব উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শিল্পী কলিম শরাফীকে নিয়ে আলোকচিত্রী এম এ তাহেরের সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদ চৌধুরী। বিকেল সাড়ে পাঁচটায় গণগ্রন্থাগার মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে চট্টগ্রামের প্রবীণ রবীন্দ্র-গবেষক শ্রী অরুণ দাশগুপ্তকে সম্মাননা ও ‘কলিম শরাফী স্মৃতি পদক’ প্রদান করা হবে। উৎসব সম্পর্কে সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ প্রথম আলোকে জানালেন, ‘এবারের উৎসবে আগের চেয়ে ভিন্নতা থাকবে। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী কলিম শরাফীর ওপর একটি আলোকচিত্র প্রদর্শনী করছি। এ ছাড়া প্রায় ৩০ বছর আগে তিনি ঘরোয়া পরিবেশে হারমোনিয়াম বাজিয়ে যে গানগুলো করেছিলেন, তার ২০টি গান দুটি সিডিতে ধারণ করে একটি অ্যালবাম প্রকাশ করছি।’