জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হলো এবার ময়মনসিংহে। এটি ৩১তম সম্মেলন। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কবির গানের সুরে মুখর। গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথের চেতনা ধারণ করার মাধ্যমে আমাদের সংস্কৃতির অবক্ষয় রোধ করা সম্ভব। আমরা বিভিন্ন সংকটের সময় রবীন্দ্রনাথের কাছেই ফিরে যাই।’ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সংগীতশিল্পী কাজী শাহজাহান হাফীজ। সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক, আ বা ম নূরুল আনোয়ার, মঞ্জুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় নৃত্যানুষ্ঠান ‘বসন্ত উৎসব’ ও সকালের ‘সংগীতানুষ্ঠান’। এতে অংশগ্রহণ করেন মিতা হক, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, লাটলি মোহনসহ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ময়মনসিংহ শাখার শিল্পীরা। সম্মেলনে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিষদের পাঁচ শতাধিক প্রতিনিধি, কর্মী ও শিল্পী অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে কাল শনিবার।