সিলেট থেকে শুরু হয়েছে জাতীয় লোকসংগীত উৎসব। পর্যায়ক্রমে এই উৎসব দেশের বাকি ছয়টি বিভাগে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উৎসব শুরু হয়। পরে দিনভর লোকসংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা।সকাল সাড়ে নয়টায় দরগাহ গেইট এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিলেট অডিটরিয়ামে সকাল ১০টায় প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের প্রবীণ লোকসংগীতশিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ।উদ্বোধন শেষে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ উল্লাহ তালুকদার, সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল ও বাংলাদেশ লোকসংগীত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী।সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জামালউদ্দিন হাসান বান্নার সভাপতিত্বে আলোচক ছিলেন কবি-গবেষক শুভেন্দু ইমাম, সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জফির সেতু। মূল প্রবন্ধ পড়েন আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলা চারটায় বৃহত্তর সিলেটের চারটি জেলার নির্বাচিত ১২জন লোকসংগীতশিল্পী স্থানীয় লোককবিদের গান পরিবেশন করেন। পরে সিলেট ও ঢাকার লোকসংগীত শিল্পী পরিষদের শিল্পীসহ ঢাকা থেকে আমন্ত্রিত শিল্পীরা পরিবেশনায় অংশ নেন।ইউনেসকোর অর্থায়নে এই জাতীয় লোকসংগীত উৎসব আগামী ২৫ নভেম্বর রংপুরে, ২ ডিসেম্বর রাজশাহীতে, ৯ ডিসেম্বর বরিশালে, ১৭ ডিসেম্বর খুলনায়, ২৪ ডিসেম্বর চট্টগ্রামে এবং ৩০ ও ৩১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।