জাতীয় শিক্ষানীতির চূড়ান্ত খসড়া ধর্মহীন দাবি করে সেটি সংশোধনে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ধর্মভিত্তিক দলগুলোর সংগঠন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। দাবি আদায় না হলে ২৬ ডিসেম্বরের পর যেকোনো দিন হরতাল করা হবে বলে হুমকি দিয়েছে তারা।আজ মঙ্গলবার মুক্তাঙ্গনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে পরিষদের নেতারা এ ঘোষণা দেন। গতকাল সোমবার পরিষদ তাদের দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিতে যায়। পুলিশ মত্স্য ভবনের সামনে তাদেরকে আটকে দেয়। সেখানে পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ পরিষদের নেতাদের ওপর বর্বর আক্রমণ চালিয়েছে—এ অভিযোগে পরিষদ আজ এই বিক্ষোভের আয়োজন করে।বিক্ষোভ সমাবেশে গিয়ে দেখা যায়, উপস্থিত শ দেড়েক শ্রোতার সবাই জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী। সমাবেশ পরিচালনা করেন জামায়াতের সংগঠন আহকামে শরিয়াহ হেফাজত কমিটির মহাসচিব আবদুস সবুর। এ সমাবেশের আগে মুক্তাঙ্গনের আশপাশে গোলযোগের আশঙ্কায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে পরিষদের কয়েকজন নেতা পুলিশকে আশ্বস্ত করেন, তাঁরা বেশিক্ষণ সময় নেবেন না এবং মুক্তাঙ্গনের বাইরে যাবেন না। এরপর পুলিশ তাঁদেরকে সমাবেশ করতে দেয়। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, শিক্ষানীতিতে মাদ্রাসায় সাধারণ শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এটা হলে মাদ্রাসা শিক্ষা থাকবে না। এমনিতেই দাখিল পাসের পর ছেলেমেয়েরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে চলে যায়। মাদ্রাসায় উচ্চশিক্ষার ছেলেমেয়ে পাওয়া যায় না। তার ওপর এই শিক্ষানীতি চালু হলে মাদ্রাসায় পড়ার জন্য ছেলেমেয়ে পাওয়া যাবে না।পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাদানী বলেন, আল্লাহর দেওয়া শিক্ষাব্যবস্থা ছাড়া অন্য কিছু এ দেশের মানুষ মেনে নেবে না।